বরিশাল, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মটর সাইকেল ছিনতাই চেষ্টার অভিযোগে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজের এক ছাত্রকে আটক করেছে পুলিশ।
রোববার নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড থেকে আ ন ম হামদ তানভীর নামের ওই ছাত্রকে আটক করা হয়।
তানভীর শেরেবাংলা মেডিক্যাল কলেজের ৩য় বর্ষের ছাত্র। কলেজের হাবিবুর রহমান হোস্টেলের ২১৮ নম্বর কক্ষে থাকেন।
তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া গ্রামের আবুল খায়েরের ছেলে।
কোতোয়ালি মডেল থানার ওসি সাইদুজ্জামান জানান, মো. সেলিম নামে এক ব্যক্তির ভাড়ায় চালিত মটর সাইকেল ভাড়া নেন তানভীর। পরে মটর সাইকেলসহ সেলিমকে তিনি রূপাতলী এলাকায় একটি অজ্ঞাত স্থানে নিয়ে যান।
পুলিশ কর্মকর্তা আরো জানান, ওখানে তানভীর সেলিমের চোখে মরিচের গুড়া নিক্ষেপের চেষ্টা করলে সেলিম দ্রুত মটর সাইকেল নিয়ে তানভীরকেসহ রূপাতলী বাসস্ট্যান্ড চলে আসেন।
এরপর লোকজন ডেকে তানভীরকে তাদের হাতে তুলে দেন। জনতা তানভীরকে পুলিশে সোপর্দ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৪৫ ঘ.
bdnews24