২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজটি আবার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

নাটোর পৌরসভার একটি উন্নয়ন কাজ রোববার দ্বিতীয়বার উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

নাটোর, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর পৌরসভার একটি উন্নয়ন কাজ রোববার দ্বিতীয়বার উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এর আগে গত মঙ্গলবার নয় কোটি টাকা ব্যয়ে রাস্তা ও নালা মেরামতের এই কাজ উদ্বোধন করেন মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক আল মামুন। কিন্তু প্রতিমন্ত্রীকে দিয়ে উদ্বোধন না করানোর কারণে যুবলীগকর্মীরা পরদিন (বুধবার) কাজ বন্ধ করে দেয়। দ্বিতীয়বার উদ্বোধন অনুষ্ঠানে আহাদ আলী সরকার বলেন, পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে নাটোর পৌরসভাকে আরো উন্নত করা হবে। পৌরবাসীর সুযোগ সুবিধা বাড়ানোর জন্য আমরা পরস্পর মিলে কাজ করবো। অনুষ্ঠানে মেয়র শেখ এমদাদুল হক আল মামুন পৌরসভার উন্নয়নে প্রতিমন্ত্রীর সহযোগিতা চান। এলাকাবাসী জানায়, মেয়র শেখ এমদাদুল হক আল মামুন গত মঙ্গলবার কাজটির উদ্বোধন করলে ঠিকাদার ডোমপাড়া-রথবাড়ি সড়কের মেরামতকাজ শুরু করেন। কিন্তু যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারকে উদ্বোধনী অনুষ্ঠানে না ডাকায় পরদিন যুবলীগকর্মীরা কাজ বন্ধ করে দেয়। ওইদিন মেয়র সাংবাদিকদের বলেছিলেন, “এটা পৌরসভার কাজ। তাই আমি স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কাজের উদ্বোধন করেছি। এ কারণে কাজ বন্ধ করা ঠিক হয়নি। এতে জনসাধারণের দুর্ভোগ বাড়বে।” একইদিন জেলা যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম ওরফে রমজান বলেছিলেন, “পৌরসভার নিজস্ব অর্থে কাজটি করা হচ্ছে না। আমরা নাটোরের উন্নয়নের জন্য সরকারের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করেছি। স্বাভাবিকভাবেই এই কাজ স্থানীয় মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে শুরু হওয়ার কথা ছিল। “কিন্তু মেয়র তার দলীয় স্বার্থ রক্ষা করতে গিয়ে আমাদের ডাকেননি। এতে আমাদের নেতাকর্মীরা কষ্ট পেয়েছেন। তাই তারা কাজটি মন্ত্রীর উপস্থিতিতে শুরু করার অনুরোধ করেছেন মাত্র।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫২ ঘ.