সিরাজগঞ্জ, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রশিদ ম-লকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
রোববার সকালে পৌরসভার চন্দনগাঁতী বাসতলা বাজারে এ হামলা হয়। এরপর এলাকাবাসী এক হামলাকারীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আহত কাউন্সিলরকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া মারধরে আহত হামলাকারী সম্রাটকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মো. সৈয়দ জানান, সকাল ৯টার দিকে কাউন্সিলর আব্দুর রশিদ চন্দনগাঁতী বাসতলা বাজারে এলে সম্রাটসহ কয়েকজন যুবক তাকে দা দিয়ে কুপিয়ে এবং রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ জনতা সম্রাটকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়।
বেলকুচি থানার ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেন জানান, কী কারণে কাউন্সিলরের উপর হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৩২ ঘ.
bdnews24