২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপিডিএফ’র বর্ষপূর্তিতে ঐক্যের আহ্বান

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) তাদের ত্রয়োদশ প্রতিষ্ঠা বার্ষিকীতে ঐক্যের আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 03:49 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

রাঙামাটি/খাগড়াছড়ি, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) তাদের ত্রয়োদশ প্রতিষ্ঠা বার্ষিকীতে ঐক্যের আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতি। আগামী সোমবার (২৬ ডিসেম্বর) ইউপিডিএফ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। দিনটিকে সামনে রেখে শনিবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি প্রসিত খীসা ও সাধারণ সম্পাদক রবিশঙ্কর চাকমা সংবাদ মাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, নিজেদের মধ্যে বিভেদ ও অনৈক্য তাদেরকেই লাভবান করবে যারা পাহাড়ি জনগণের ওপর চিরকাল উগ্র জাতীয়তাবাদী শাসন-শোষণ বলবৎ রাখতে চায়। পার্বত্য চুক্তি স্বাক্ষরের পর গত ১৪ বছরে ইউপিডিএফের অনেক নেতা, কর্মী ও সমর্থক নিহত হওয়ার পরও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) প্রতি বারবার ঐক্য ও সমঝোতার আহ্বান জানিয়ে আসছে। এই আহ্বানে পিসিজেএসএস’র সন্তু গ্র“প অচিরেই সাড়া দেবে এবং ভ্রাতৃঘতি সংঘাত বন্ধ করে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করবে বলে আশা প্রকাশ করা হয় বিবৃতিতে। বিবৃতিতে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল ও সংখ্যালঘু জাতিসমূহকে স্বীকৃতি দিয়ে সংবিধান সংশোধন করার দাবির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে তিন পার্বত্য জেলায় ইউপিডিএফ’র সকল ইউনিটে দলীয় পতাকা উত্তোলন, অধিকার আদায়ে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, শিশু র‌্যালি, আলোচনা সভা, বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়সহ নানা কর্মসূচি রয়েছে। ১৯৯৭ সালের ১০ মার্চ পাহাড়ি গণপরিষদ, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন ঢাকায় এক সম্মেলনে ৭ দফা প্রস্তাবনা গ্রহণ এবং পার্বত্য জেলায় পূর্ণ স্বায়ত্তশাসনের ডাক দেয়। পরবর্তীতে এই তিন সংগঠনের পক্ষ থেকে ১৯৯৭ সালের ডিসেম্বরে আওয়ামী লীগ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি প্রত্যাখ্যান করে। পরবর্তীতে ১৯৯৮ সালে ২৫ ও ২৬ ডিসেম্বর ঢাকায় এক সম্মেলনের মধ্য দিয়ে ইউপিডিএফ’র যাত্রা শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৬ ঘ.