কক্সবাজার, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় মিয়ানমারের ১৮ নাগরিকসহ ২৩ জনকে টেকনাফ থেকে আটক করেছে কোস্টগার্ড।
কক্সবাজারের শাহপরীর দ্বীপ কোস্টগার্ড ক্যাম্পের কর্মকর্তা মতিউর রহমান জানান, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সেন্টমার্টিনের দক্ষিণ পাড়া বাদামবনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
এদের মধ্যে ১৮ জন মিয়ানমারের নাগরিক। বাকি পাঁচজন চট্টগ্রামের চকরিয়া ও পটিয়ার বাসিন্দা।
মতিউর বলেন, “জনপ্রতি ৫০ থেকে ৭০ হাজার টাকার বিনিময়ে মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার কথা বলে চকরিয়ার কামাল উদ্দিন নামে এক দালাল তাদের বাদামবনিয়ায় জড়ো করে। তাদেও কাছ থেকে ২০ হাজার টাকা করে অগ্রিম নেওয়া হয়।”
এ দলটি বাদামবনিয়া থেকে একটি নৌকায় করে মাঝ সাগরে অবস্থানরত ট্রলারে যাওয়ার সময় কোস্টগার্ড সদস্যরা তাদের আটক করে।
কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের সাব-লেফটেন্যান্ট এম এম মাসুদ সিকদার জানান, কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা কয়েকজন পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪৫৪ ঘ.
bdnews24