ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর বাড্ডায় গৃহবধূ মারুফা সিদ্দিকী আকলিমা (২৪) হত্যা করে শরীর আগুনে পুড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন তার স্বামী।
প্রথমে নিহতের স্বামী শেখ ফরিদ দাবি করেছিলেন, কয়েল থেকে আগুন লেগে পুড়ে তিনি মারা গেছেন।
নিহতের স্বজনদের অভিযোগের ওপর ভিত্তি করে পুলিশ আকলিমার স্বামী শেখ ফরিদকে আটকের পর জিজ্ঞাসাবাদের এ স্বীকারোক্তি দেয় বলে পুলিশ জানায়।
বাড্ডা থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে দুইজনের মধ্যে ঝগড়ার ফাঁকে আকলিমার গলা চেপে ধরার কথা ফরিদ স্বীকার করেছে। গলা চেপে ধরার পর আকলিমা নিস্তেজ হয়ে পড়ে বলে
ওসি বলেন, “পরে আকলিমার শরীরের বিভিন্ন অংশে আগুন লাগিয়ে মশায় কয়েল থেকে অগ্নিকাণ্ডের গল্প সাজায় বলে ফরিদ স্বীকার করে।”
এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে বলে ওসি জানান।
শনিবার সকালে নিহতের বড় ভাই আল আমিন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আকলিমাকে হত্যার পর তার শরীরে আগুন দেওয়া হয়। পরে ফরিদ নিজেই আকলিমাকে সকাল পৌনে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আল আমিন বলেন, “ফরিদ গোপনে অন্য এক মেয়েকে বিয়ে করে। বিষয়টি জানাজানি হলে তাদের দুইজনের মধ্যে অশান্তি শুরু হয়।”
ফরিদ পুলিশের কাছে দাবি করেছিলো, মশার কয়েল থেকে আগুন লেগে আকলিমা মারা যায়।
আল-আমিন বলেন, “ওই ঘরে আকলিমার স্বামী ও দুই বাচ্চা অপর্ণা ও পুর্ণ ঘুমিয়েছিলো। আগুনে তাদের কিছুই হলো না আর আমার বোন মারা গেলো?”
পাঁচ বোন তিন ভাইয়ের মধ্যে সপ্তম ছিল আকলিমা। তার বাড়ি কুমিল¬ার দাউদকান্দির বাজরা গ্রামে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৭৩০ ঘ.
bdnews24