গাজীপুর, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের কাশিমপুরে ট্রাক চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কে জিরানী এলাকায় এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিন জনের পরিচয় মিলেছে।
তারা হলেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হাজীপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. উজ্জ্বল (২১), কালিয়াকৈরের ভান্নারা এলাকার জসিম উদ্দিন (৪০) ও ঢাকার নবাবগঞ্জের মোজাহার হোসেন (৩২)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদর্শক মো. রিয়াজ জানান, নবীনগর থেকে কালিয়াকৈরগামী একটি সিএনজি চালিত অটোরিকশা ও একই দিকগামী একটি ট্রাক জিরানী জ্যোতি ফিলিং স্টেশন এলাকায় পাশাপাশি চলছিল। এক পর্যায়ে ট্রাকটির বাম পাশের চাকাগুলো বালিতে দেবে গিয়ে পাশের অটোরিকশার উপর কাত হয়ে পড়ে।
“এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্কুটারের চালক ও তিন যাত্রীর মৃত্যু হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24