২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজ্জাকের মৃত্যুর খবর নিয়ে বিভ্রান্তি

আব্দুর রাজ্জাকের মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা আগে তাকে মেরে ফেলেছিলো বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 04:51 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আব্দুর রাজ্জাকের মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা আগে তাকে মেরে ফেলেছিলো বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলো। প্রধান প্রধান বাংলা ও ইংরেজি দৈনিকগুলোর অনলাইনসহ খবরভিত্তিক টেলিভিশনগুলো সন্ধ্যা ৬টা থেকেই রাজ্জাকের মৃত্যুর খবর প্রকাশ ও প্রচার করে। শুক্রবার রাত ৮টা ৩৫ মিনিটে আব্দুর রাজ্জাকের গুলশানের বাসায় তার ব্যক্তিগত সচিব আব্দুর রশিদ গোলন্দাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজ্জাকের বড় ছেলে নাহিম রাজ্জাক সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে বলেছেন, “বাবাকে লাইভ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। ডাক্তাররা তাকে এখনো মৃত ঘোষণা করেননি।” তবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আব্দুর রাজ্জাকের মৃত্যুর খবর নিশ্চিত করে দেওয়া ‘এইমাত্র পাওয়া’ বা ব্রেকিং নিউজের কারণে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন বলে জানান রশিদ। বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় রাজ্জাকের পরিবারের এক সদস্য হাসপাতালের বাইরে এসে উপস্থিত লোকজনকে বলেন, “তাকে (রাজ্জাক) মেডিকেশন দেওয়া হচ্ছে, তবে চিকিৎসকরা বলছেন, তিনি সাড়া দিচ্ছেন না।” কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে রাজ্জাকের মৃত্যু সংবাদ প্রকাশ করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতার শোকবার্তার কথাও জানায়। রাজ্জাকের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী তোফায়েল আহমেদ সন্ধ্যা ৭টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এক ঘণ্টা আগেও যোগাযোগ করেছিলাম। তখন পর্যন্ত লাইফসাপোর্ট খোলা হয়নি। ঘণ্টা দুয়েক পরে লাইফ সাপোর্ট খোলা হতে পারে বলে তারা আমাকে জানিয়েছে।” রাজ্জাকের মৃত্যুর খবর শুনে বেশ কয়েক জন মন্ত্রীও তাদের জনসংযোগ কর্মকর্তাদের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের ফোন করে শোকবার্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়, আওয়ামী লীগ কার্যালয় এবং বিরোধীদলীয় নেতার কার্যালয়ে যোগাযোগ করা হলে কেউ তখন পর্যন্ত মুখ খোলেনি। রাত ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ রাজ্জাকের শারীরিক অবস্থার সর্বশেষ খবর প্রকাশের পর সব কটি সংবাদমাধ্যমই তাদের আগের খবর প্রত্যাহার করে জানায়, রাজ্জাক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। বাংলাদেশ সময় রাত ৯টা ৫০ মিনিটে আব্দুর রাজ্জাকের লাইফ সাপোর্ট মেশিন খুলে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কেটি/এমআই/২২৫০ ঘ.