নরসিংদী, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার নাজমুল হাসান শরীফ ওরফে কিলার শরীফ ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
শুক্রবার বিকালে নরসিংদীর জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আশিকুল খবির এ জবানবন্দি গ্রহণ করেন বলে পুলিশ জানিয়েছে। এনিয়ে এ পর্যন্ত নয়জন জবানবন্দি দিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মামুনুর রশীদ ম-ল বলেন, জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
তিনি জানান, গত ১২ ডিসেম্বর রাজধানীর নন্দীপাড়া এলাকা থেকে সহযোগী আওলাদ হোসেন রুবেলসহ নাজমুল হাসান শরীফকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে নেওয়ার আদেশ দেয় আদালত।
গত ১ নভেম্বর নরসিংদী শহরে আওয়ামী লীগ কার্যালয়ে মুখোশধারীদের গুলিতে লোকমান হোসেন আহত হন। পরে হাসপাতালে তার মত্যু হয়।
ওই ঘটনায় তার ভাই কামরুজ্জামান ১৪ জনকে আসামি করে একটি মামলা করেন, যার বেশিরভাগই আওয়ামী লীগ নেতাকর্মী।
এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে নাজমুল হাসান শরীফ ওরফে কিলার শরীফসহ নয়জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
বাকিরা হলেন- আশরাফুল সরকার, সেলিম, হাজি ফারুক, শাহিন, মাহফুজুর রহমান তাওয়াব ওরফে সবুজ, মীর দেলোয়ার হোসেন শরীফ ওরফে হাতকাটা শরীফ, আওলাদ হোসেন রুবেল ও সরওয়ার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৫ ঘ.
bdnews24