২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: তারেক ৫ দিনের রিমান্ডে

নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যা মামলার আসামি তারেক আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

নরসিংদী, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যা মামলার আসামি তারেক আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দিয়েছে আদালত। সোমবার বিকালে নরসিংদীর মুখ্য বিচার বিভাগীয় হাকিম নিতাই চন্দ্র সাহা এ আদেশ দেন। এর আগে পুলিশ এই বিএনপি নেতাকে আদালতে হাজির করে। এ পর্যন্ত এ মামলায় এজাহারভুক্ত দু’জন গ্রেপ্তার হলেন বলে পুলিশ জানিয়েছে। কোর্ট পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, গত ৩০ অক্টোবর হজ করতে সৌদি আরব যান তারেক। তিনি স্থানীয় বিএনপির নেতা এবং নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি। রোববার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুরে তাকে নরসিংদী জেলা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। রিমান্ড আদেশ পেয়ে আদালত থেকে নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তারেকের মুক্তি দাবি করে শ্লোগান দেন। এ সময় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। গত ১ নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় হাসপাতালে মারা যান নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন। তার ভাই কামরুজ্জামান এ ঘটনায় টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন রাজুর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করে একটি মামলা করেন, যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী। এজাহারে তারেকের নাম রয়েছে ৮ নম্বরে। হত্যাকা-ে জড়িত সন্দেহে এর আগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে নরসিংদী শহর যুবলীগের সভাপতি আশরাফুল সরকারই শুধু মামলার এজাহারভুক্ত আসামি। বিডিনিউজ টোয়েনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮১৬ ঘ.