২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন রংপুরের আট জেলা

রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের জেরে রংপুর বিভাগের আট জেলায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু করেছে বিভাগীয় মোটর শ্রমিক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 03:51 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

রংপুর, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের জেরে রংপুর বিভাগের আট জেলায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু করেছে বিভাগীয় মোটর শ্রমিক সমিতি। শুক্রবার ভোর ৬টা থেকে এই ধর্মঘট শুরুর পর দূরপাল্লা ও অভ্যন্তরীণ ২৬টি রুটে যানবাহন চলাচল বন্ধ থাকায় দেশের অন্যান্য অঞ্চল থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে রংপুর বিভাগ। এদিকে আকষ্মিক এই ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। নগরীর কামারপাড়ায় ঢাকা বাস স্ট্যান্ডে এসে গাড়ি না পেয়ে বিপাকে পড়েছেন শত শত যাত্রী। শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে অনেক শিক্ষার্থী কারমাইকেল কলেজ কেন্দ্রে পৌঁছাতে পারেননি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগ পরীক্ষা নিয়েও বিপাকে পড়েছেন পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক শ্রমিক নেতাসহ ৩০ জন আহত হওয়ার পর রংপুর বিভাগীয় মোটর শ্রমিক সমিতি এই ধর্মঘট ডাকে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভাগীয় মোটর শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ তার সমর্থকদের নিয়ে সংগঠনের কার্যালয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রতিপক্ষের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুরো টার্মিনালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। “দুই পক্ষের সমর্থকরা বড় বড় রামদা নিয়ে সংঘর্ষে অংশ নেয়। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর এবং একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে আব্দুল মজিদসহ অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে আধা ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” পরে বাস টার্মিনালের কাছে বিভিন্ন এলাকায় তল্লাশী চালিয়ে বিপুল সংখ্যক রামদা ও কিরিচ উদ্ধার করা হয় বলে ওসি জানান। রংপুর বিভাগীয় মোটর শ্রমিক সমিতির সভাপতি আখতার হোসেন বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্দুল মজিদকে হত্যার জন্যই প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে। এর প্রতিবাদে এবং টার্মিনাল এলাকা অবৈধ দখলমুক্ত করার দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করা হবে বিভাগের আট জেলায়। তিনি অভিযোগ করেন, পুলিশের কাছে নিরাপত্তা চাইলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে গোলযোগ এড়াতে ঢাকা বাসস্ট্যান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনালসহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সতর্ক রয়েছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯৪৪ ঘ.