২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণা: জরিমানা রূপায়নকে

পরিবেশ অধিদপ্তর বলছে, নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নয় তলা ভবনের জন্য পরিবেশ ছাড়পত্র নিয়ে রূপায়ন তৈরি করেছে ২৮টি আট তলা ভবন। তাই ২৭ লাখ টাকা জরিমানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ অধিদপ্তরের সঙ্গে প্রতারণা করায় আবাসন নির্মাতা প্রতিষ্ঠান রূপায়ন হাউজিংয়ের ২৭ লাখ ১৩ হাজার টাকা জরিমানা হয়েছে। বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড একটি নয় তলা ভবনের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে নারায়ণগঞ্জে তৈরি করেছে ২৮টি আট তলা আবাসিক ভবন। এ জন্য জরিমানার পাশাপাশি আগামী ছয় মাসের মধ্যে প্রকল্প এলাকায় এসটিপি (সুয়্যারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট), ওয়াটার রিসাইক্লিন প্ল্যান্টসহ অন্যান্য পরিবেশসম্মত ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দিয়েছে অধিদপ্তর। এ নির্দেশ পালনে ব্যর্থ হলে প্রকল্পের স্থাপনা জব্দ এবং প্রকল্পের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে সতর্কও করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূঁইগড় এলাকায় প্রায় ৪ একর জমিতে গড়ে তোলা রূপায়নের এ আবাসন প্রকল্পে ৫০টি পরিবার বসবাস করছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালে একটি নয় তলা আবাসিক ভবনের অবস্থানগত ছাড়পত্র নিয়েছিলো রূপায়ন। কিন্তু ২৮টি আট তলা আবাসিক ভবন তৈরি করেছে তারা। এগুলোতে ৫০টি পরিবার বসবাস করে। কিন্তু এই প্রতিষ্ঠান পরিবেশ ছাড়পত্র গ্রহণ করেনি। তিনি জানান, বেআইনিভাবে কাজ করার অভিযোগ রূপায়নের কর্মকর্তারা স্বীকারও করেছেন। তারা পরিবেশসম্মত আবাসন প্রকল্প গড়ে তোলার অঙ্গীকারও করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪০ ঘ.