কুমিল্লা/ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহতরা হলেন- কুমিল্লার বড়–রা উপজেলার ঝলম ইউনিয়নের মুহিতপুর গ্রামের ইব্রাহিম (৫৫), নাজির (৪৭) ও তার ভাই মনজিল (৬০)। ইব্রাহিমও শেষের দুজনের আত্মীয়।
বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা) রাজধানী রিয়াদে এই দুর্ঘটনা ঘটে বলে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে নিহতদের পরিবারের কাছে খবর আসে।
বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (বহিঃপ্রচার বিভাগ) শামীম আহসান।
তিনি বলেছেন, লাশ তিনটি স্থানীয় হাসপাতালে রয়েছে বলে রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।
লাশ দেশে আনতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
নিহতদের স্বজন শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে সৌদি আরব থেকে তারা টেলিফোনে মৃত্যুর খবর পান।
তিনি বলেন, নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় তারা দেয়ালচাপা পড়েন।
নিহত তিন জনই ১০/১২ বছর ধরে সৌদি আরবে রংয়ের কাজ করতেন বলে শফিকুল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএসজেড/ডিডি/এমআই/২৩৩৭ ঘ.
bdnews24