ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা ও ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
এরমধ্যে ঝিনাইদহে বুধবার সকালে এবং মাগুরায় মঙ্গলবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, মহেশপুর উপজেলার জীবননগর-কালীগঞ্জ সড়কের কানাইডাঙ্গায় সকাল সোয়া ১০টার দিকে বাস চাপায় নিহত হয়েছেন ইঞ্জিনচালিত ভ্যানের আরোহী। আহত হন আরেক আরোহী।
মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিহত মনিরুল ইসলাম (২৭) চুয়াডাঙ্গার জীবননগরের বাঁকা গ্রামের আলাউদ্দিনের ছেলে।
ওসি আনোয়ার হোসেন জানান, জীবননগর থেকে কালীগঞ্জগামী একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে নিহত হন মনিরুল।
এ সময় নারায়ণপুর গ্রামের আমিনুর রহমান গুরুতর জখম হন। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা প্রতিনিধি জানান, যশোর শহরের পালবাড়ি মোড় এলাকায় মঙ্গলবার গভীর রাতে বাস চাপা পড়ে নিহত হন এক মোটরসাইকেল চালক।
নিহত মো. রবিউল ইসলাম (১৯) মাগুরা সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ও মাগুরা জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক। তিনি সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের মো. রাশিদুল মোল্লার ছেলে।
মাগুরা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আলী হোসেন মুক্তা জানান, মঙ্গলবার বিকালে মাগুরা থেকে পারিবারিক কাজে মোটরসাইকেল চালিয়ে যশোর যাওয়ার পথে পালবাড়ি মোড় এলাকায় বাস চাপা পড়ে গুরুতর আহত হন রবিউল। পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
রাতে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে সিরাজগঞ্জে যমুনা বঙ্গবন্ধু সেতু এলাকায় তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/২০৪০ ঘ.
bdnews24