ঝিনাইদহ, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের নয়দিন পর ঝিনাইদহ ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে জেলা শহরের চাকলাপাড়ার একটি নির্মাণাধীন বাড়ির বালির স্তূপে হামিদুর রহমানের (১৭) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
গত ১৩ ডিসেম্বর চাকলাপাড়ার বুলু মিয়া সড়কের বাসিন্দা পৌর কর্মচারী আব্দুল কাদেরের ছেলে হামিদ নিখোঁজ হন।
গত সোমবার তার বাবা থানায় একটি অপহরণ মামলা করেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল হালিম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোবাইলে ফ্লেক্সিলোড করার জন্য হামিদ বাসা থেকে বেরিয়ে সদর রাস্তায় যান। ওই সময় এক বন্ধুর সঙ্গে দোকানে চা খান। এরপর ওই বন্ধু চলে যান।
এএসপি জানান, ওইদিন রাতে অপহরণকারীরা মোবাইল ফোনে হামিদের বাবার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং বিষয়টি সাংবাদিক বা পুলিশকে না জানাতে বলে।
ছয়দিন ধরে আব্দুল কাদের নানাভাবে ছেলেকে ফিরে পাওয়ার চেষ্টা করেন। পরে সদর থানায় অপহরণ মামলা করেন বলে জানান এএসপি।
সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, নির্মাণাধীন বাড়ির বালির স্তূপের নিচ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
হামিদ এবার ভোকেশনাল ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। তার আর একটি পরীক্ষা বাকি ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২৮ ঘ.
bdnews24