২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অপহৃত’ সজীব বাবা-মার খোঁজ পেলো

গাজীপুরের জয়দেবপুর থেকে ‘অপহৃত’ আট বছর বয়সি সজীব তার বাবা-মায়ের খোঁজ পেয়েছে। তাকে বরগুনা থেকে পরিবারের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 02:06 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের জয়দেবপুর থেকে ‘অপহৃত’ আট বছর বয়সি সজীব তার বাবা-মায়ের খোঁজ পেয়েছে। তাকে বরগুনা থেকে পরিবারের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সজীব মঙ্গলবার রাতে বরগুনা প্রেসক্লাবে এসে বাবা-মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য কান্নাকাটি করে। সে জানিয়েছে, শুক্রবার বিকালে তাকে জয়দেবপুর থেকে অপহরণ করা হয়। তবে পথে সে অপহরণকারীদের কবল থেকে মুক্ত হয়। সজীব জানায়, তার বাবা সিদ্দিকুর রহমান ও মা তাছলিমা বেগম জয়দেবপুরের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। তারা জয়দেবপুরের কাজীবাড়ি এলাকার আবু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। প্রেসক্লাবে সজীব সাংবাদিকদের কাছে ‘অপহরণ’ ও পরবর্তী ঘটনার বর্ণনা করে। এসময় শিশুটির চোখে-মুখে ছিলো আতঙ্কের ছাপ। সজীবের ঘটনাটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বরগুনা প্রতিনিধির কাছ থেকে শুনে গাজীপুর প্রতিনিধিকে খবর নিতে বলা হয়। গাজীপুর প্রতিনিধি কাজী বাড়ি এলাকায় গিয়ে সজীবের পরিবারের খোঁজ ও ‘অপহৃত’ হওয়ার খবরের সত্যতা পান। তখন ওই বাড়ির ব্যবস্থাপক আক্কাস গাজীপুর প্রতিনিধির মাধ্যমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরগুনা প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে সজিবের পরিচয় নিশ্চিত করেন। আক্কাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সজিবের বাবা-মাকে খবর দেওয়া হয়েছে। ছেলেকে আনতে তারা বরগুনা রওনা হবেন। সজীব বর্তমানে বরগুনায় এক করাত কলের মালিকের বাড়িতে রয়েছে। সজীবের বর্ণনা অনুযায়ী, শুক্রবার দুপুরে সে তার বাবা-মায়ের জন্য খাবার নিয়ে গার্মেন্টের সামনে দাঁড়িয়ে ছিলো। তখন এক লোক পেছন থেকে তার মুখে স্কচটেপ লাগিয়ে চোখ বেঁধে একটি গাড়িতে তুলে নেয়। পথে কোনো একটি স্থানে গাড়ি বদলের সময় পুলিশের ধাওয়া খেয়ে অপহরণকারীরা সজীবকে ফেলে রেখে পালিয়ে যায় বলে জানিয়েছে সে। এই ফাঁকে সজীব অন্য একটি গাড়িতে উঠে পড়ে। ওই গাড়িতে চড়ে বরিশাল চলে যায় সজীব। বরিশালে তিন দিন অভুক্ত থাকার পর একটি লঞ্চে চড়ে সজীব মঙ্গলবার সকালে বরগুনায় পৌঁছে। পরে সে হাঁটতে হাঁটতে পশ্চিম বরগুনার স-মিল মালিক ফরিদ মিয়ার বাসায় ঢুকে খাবার চায়। ওই করাত কলের কর্মচারী রফিক ও হাসান সজীবকে বরগুনা প্রেসক্লাবে নিয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯৫৮ ঘ.