২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব পরিচয় দিয়ে,,,,,,

নিজেকে র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে হাসপাতালে ভর্তি এক রোগীর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে বলে চট্টগ্রামে এক ব্যক্তি আটক হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেকে র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে হাসপাতালে ভর্তি এক রোগীর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে বলে চট্টগ্রামে এক ব্যক্তি আটক হয়েছেন। আটক রমজান আলী রনি (৩০) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর মুরাদাবাদের মহরম আলীর ছেলে। বুধবার দুপুরে তাকে আটক করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক (এসআই) জহিরুল ইসলাম। তিনি বলেন, দুপুর সোয়া একটার দিকে দুই সহযোগীকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন রনি। এ সময় নিজেকে র‌্যাব-৭ এর কর্মকর্তা পরিচয় বলে দিয়ে রনি বলেন, তার আত্মীয় ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তার চিকিৎসা দ্রুত করতে হবে। পুলিশ কর্মকর্তা জহির বলেন, “তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আমি র‌্যাব-৭ এর চট্টগ্রাম অঞ্চলের প্রধানের নাম জিজ্ঞেস করলে সে ভুল উত্তর দেয়। তখন আমি নিশ্চিত হই, সে মিথ্যা পরিচয় দিচ্ছে।” “এ সময় তাকে আমার সঙ্গে যেতে বললে সে রিকশায় উঠে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে ধরা হয়,” বলেন তিনি। এসআই জহিরুল জানান, রনিকে আটকের পর হাসপাতালের মূল ফটকের সামনের পান দোকানি মো. কাইয়ুম অভিযোগ করেছেন, গত সোমবার রনি নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে তার কাছ থেকে পান ও সিগারেট নিয়ে দাম না দিয়ে চলে গিয়েছিলো। রনিকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/এমআই/১৯৩৬ ঘ.