২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ভোগ থেকে মুক্তি দিতে চাই: কাদের

মানুষকে স্বস্তি এবং দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন নতুন দায়িত্ব পাওয়া যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 01:22 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

গাজীপুর, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানুষকে স্বস্তি এবং দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন নতুন দায়িত্ব পাওয়া যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার গাজীপুরে তিনি সাংবাদিকদের বলেন, “মানুষ আর কথা শুনতে চায় না। দুর্ভোগ থেকে মুক্তি চায়, স্বস্তি চায়। আমি মানুষকে স্বস্তি দিতে চাই।” দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের নয়নপুর এলাকায় মহাসড়কের চার লেনের নির্মাণ কাজ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। এই মহাসড়কের অবস্থা খারাপ হওয়ার পরিপ্রেক্ষিতে পরিবহন শ্রমিকরা যান চলাচল বন্ধ করে দিলে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন সমালোচনার মুখে পড়েন। ওই সময় বিভিন্ন মহল থেকে তার পদত্যাগও দাবি করা হয়। মহাসড়কের কাজের অগ্রগতির খোঁজ নেওয়ার সময় সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ফান্ডের অজুহাতে কাজ আটকে থাকবে আর মানুষ দুর্ভোগ পোহাবে তা হবে না। এরপর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, “ভাল কথার স্টক ফুরিয়ে গেছে। ভাল কথা শুনতে শুনতে মানুষের কান ঝালাপালা হয়ে গেছে। আমাকে দিয়ে বেশি কথা বলাবেন না। যত কথা কম বলাবেন দেশের জন্য ততই মঙ্গল।” যোগাযোগ মন্ত্রী জানান, ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করতে ১১শ’ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ কাজ চারটি প্যাকেজে ভাগ করা হয়েছে এবং নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হবে। প্রথম প্যাকেজে এ সড়কের ৩০ কিলোমিাটারের কাজ চলছে। এর আট কিলোমিটারে মাটি ভরাট ও পাইলিং ও ২৪টি কালভার্টের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, বলেন ওবায়দুল কাদের। মন্ত্রী আসার খবরে স্থানীয় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী মাওনা চৌরাস্তায় গেলে ওবায়দুল কাদের তাদের উদ্দেশে বলেন, এ ফুল ও তোরণের সংস্কৃতি বন্ধ করে দেশের জন্য কাজ করুন। সড়ক পরিদর্শনের সময় গাজীপুরের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, ময়মনসিংহের সাংসদ মুসলেম উদ্দিন এবং সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৪ ঘ.