ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমিছিলে অংশ নিতে মিছিল করে নয়া পল্টনে যাওয়ার পথে পুলিশের লাঠিপেটার শিকার হয়েছেন বিএনপি সমর্থক আইনজীবীরা।
বুধবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির গণমিছিলের কর্মসূচি থাকলেও পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। এর আগে নয়া পল্টনের কাছ আইনজীবীদের মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
গুপ্তহত্যা বন্ধের দাবি এবং সারাদেশে নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে গণমিছিল করতে চেয়েছিলো প্রধান বিরোধী দল। তবে সকাল থেকেই তাদের কার্যালয় ঘিরে রাখে পুলিশ।
পুরান ঢাকা থেকে ঢাকা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা ইউনিটের সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ ওমর ফারুক ফারুকীর নেতৃত্বে একটি মিছিল বিকালে নয়া পল্টনের দিকে যাচ্ছিলো।
কাকরাইল নাইটিঙ্গেল রেস্তোরাঁর মোড় অতিক্রম করে স্কাউটস ভবনের কাছে পুলিশ মিছিলে চড়াও হয়। পুলিশ জলকামান থেকে রঙিন পানি ছিটিয়ে এবং কাঁদানে গ্যাস ছোড়ে। এরপর শুরু হয় লাঠিপেটা, এতে আইনজীবীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিলে থাকা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা মহসিন মিয়া, খন্দকার দিদারুল ইসলাম, জহিরুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, নজরুল ইসলাম পাপ্পু, এরশাদ আলম লাঠিপেটার শিকার হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯০৮ ঘ.
bdnews24