ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জয়কালী মন্দির এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।
সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, বুধবার দুপুরে বেলা ১২টার দিকে ২৩/১ জয়কালী মন্দির ঠিকানার ‘সূর্যের হাসি’ ক্লিনিকের পাশে এ ঘটনা ঘটে।
নিহত আবেদ আলি সাজ্জাদ (১৮) ওই ক্লিনিকের পাশের একটি গ্যারেজের কর্মচারী।
এসআই শাহআলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সায়েদাবাদ থেকে আসা মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ব্যাটারি মেরামতের একটি দোকানে আঘাত করে। এরপর ওই দোকানের সামনে দাঁড়িয়ে থাকা সাজ্জাদকে নিয়েই দোকানে ঢুকে পড়ে বাসটি। এতে ঘটনাস্থলেই মারা যান সাজ্জাদ।
এ সময় পাশের একটি ফ্লেক্সিলোডের দোকানে দাঁড়ানো ‘সূর্যের হাসি’ ক্লিনিকের কর্মী শাহনাজ বেগম ও মো. বাবুল এবং হাবিবুর রহমান রকি (১৫) নামের এক স্কুল ছাত্র আহত হন।
এসআই শাহআলম জানান, পুলিশ বাসটি আটক করেছে, তবে চালক পালিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/১৭৪৯ ঘ.
bdnews24