ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে হাইড্রলিক পদ্ধতিতে শুকানো ও বাঁধাই করা বেল ছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় বাঁধা পাট এখন থেকে ভারতে রপ্তানি করা যাবে না।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের কথা মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, সরকার সাধারণ পদ্ধতিতে (ম্যানুয়ালি) বাঁধাই করা পাটের বেল ভারতে রপ্তানি করার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। ফলে এখন থেকে শুধু অত্যাধুনিক যন্ত্রে বাঁধাই করা পাটের বেলই রপ্তানি করা হবে।
মন্ত্রণালয় থেকে গত ১৫ ডিসেম্বর এ সংক্রান্ত সিদ্ধান্ত সম্পর্কে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা জানান।
এর আগে গত ২২ নভেম্বর সরকার ম্যানুয়াল পদ্ধতিতে শুকানো ও বাঁধাই করা পাটও ভারতে রপ্তানির অনুমতি দিয়েছিলো। তবে এক্ষেত্রে বিএসটিআই’র অনুমোদিত নির্ধারিত মান অনুসরণ এবং এ মানের বাইরে কোনো চুক্তি সই না করার শর্ত দেওয়া হয়।
অনুমোদন দেওয়ার তিন সপ্তাহের মধ্যেই সরকার সিদ্ধান্ত প্রত্যাহার করলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২২৫৫ ঘ.
bdnews24