ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরের মানুষের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে ৭৯৫ কোটি টাকার একটিসহ মোট নয়টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের জাতীয় নির্বাহী কমিটি (একনেক)।
প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব সফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সভায় ১ হাজার ৬৪৩ কোটি টাকা ব্যয়ের নয়টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে ৭২৪ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল এবং ৯১৯ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।
চর জীবিকায়ন কর্মসূচী (২য় পর্যায়) নামের প্রকল্পের আওতায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের দুর্গম চর এলাকার ১০ লাখ মানুষের চরম দারিদ্র্য নিরসন ও দুঃস্থদের উন্নয়ন করা হবে। এ প্রকল্পের মেয়াদ ২০১৬ সাল পর্যন্ত। কর্মসূচি বাস্তবায়নে যুক্তরাজ্য ৭৮২ কোটি টাকা দেবে বলে বৈঠকে জানানো হয়।
এ প্রকল্প বাস্তবায়ন হবে কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, টাঙ্গাইল-এই সাত জেলায়।
একনেক সিলেটের সুরমা নদীর ওপর পুরাতন কিন ব্রিজের কাছে কাজির বাজারে একটি পিসি গার্ডার ব্রিজ নির্মাণ ও আম্বারখানা পাইপাস সড়ক নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প নামে ১৮৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে।
সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প (৭৫ কোটি টাকা-জিওবি); ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য সেবা প্রদান (সংশোধিত) প্রকল্প (৯০ কোটি টাকা-জিওবি); মানসম্মত মৎস্য বীজ ও পোনা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য স্থাপনা পুনর্বাসন ও উন্নয়ন প্রকল্প (১২২ কোটি টাকা-জিওবি); নেত্রকোনা-ধর্মপাশা-জামালপুর-সিলেট সড়ক উন্নয়ন (নেত্রকোনা অংশ) প্রকল্প (২৬ কোটি টাকা-জিওবি); রাজশাহী মহানগরীর রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক হতে মোহনপুর রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প (১২৩ কোটি টাকা-জিওবি); বর্ণি বাওড় উন্নয়ন প্রকল্প (৫৪ কোটি টাকা-জিওবি) এবং প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (১৬৯ কোটি টাকা- জিওবি ৩২ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য-১৩৭ কোটি টাকা)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/২২৩৫ ঘ.
bdnews24