চট্টগ্রাম, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের আশ্বাসে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ১৯টি রুটের পরিবহন ধর্মঘট স্থগিত করেছে মালিক সমিতি।
মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক এহসান এলাহীর সঙ্গে সমঝোতা বৈঠকের পর ‘চট্টগ্রাম-কক্সবাজার (দক্ষিণাঞ্চল) সড়ক পরিবহন মালিক- শ্রমিক সমন্বয় কমিটি’র যুগ্ম আহ্বায়ক মো. মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩ জানুয়ারি পর্যন্ত পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। পরিবহন মালিক- শ্রমিকদের বাস-মিনিবাস চলাচল শুরু করতে বলা হয়েছে।”
“প্রধানমন্ত্রী ২১ ও ২৭ ডিসেম্বর চট্টগ্রাম সফরে আসবেন। তাই ধর্মঘট স্থগিত করা হলো’, যোগ করেন তিনি।
সাত দফা দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে ‘অনির্দিষ্টকালের’ পরিবহন ধর্মঘট শুরু করে সমন্বয় কমিটি। ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, দক্ষিণ চট্টগ্রামের সাতটি উপজেলাসহ মোট ১৯টি অভ্যন্তরীণ রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার রাতে এই ধর্মঘটের ঘোষণা দেওয়ায় সাধারণ যাত্রীরা বিষয়টি জানতে পারেননি। ফলে সকালে দক্ষিণ চট্টগ্রামের হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
দূর পাল্লার বাস চলাচল বন্ধ থাকায় দেশের অন্যান্য জেলা থেকে আসা পর্যকটকদেরও দুর্ভোগ পোহাতে হয়।
এই পরিস্থিতিতে সন্ধ্যা ৬টায় মালিক-শ্রমিক সমন্বয় কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক এহসান এলাহী।
বৈঠক শেষে সোয়া ৭টার দিকে সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুসা সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর শেষে কক্সবাজারের জেলা প্রশাসক ও এসপি এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তারা আমাদের দবির বিষয়ে আলোচনা করবেন। অতিরিক্ত জেলা প্রশাসকের এ আশ্বাসের ভিত্তিতেই ধর্মঘট স্থগিত করা হলো।”
সমন্বয় কমিটির মহাসচিব আবুল কালাম আজাদসহ ১০ জন প্রতিনিধি এ বৈঠকে অংশ নেন বলে জানান তিনি।
সমন্বয় কমিটির সাত দফা দাবির মধ্যে আছে- কক্সবাজার বাস টার্মিনাল থেকে দূর পাল্লার গাড়ি সরিয়ে নেওয়া ও টার্মিনালের নিরাপত্তা নিশ্চিত করা; কক্সাবাজর টার্মিনাল স¤প্রসারণ ও আধুনিকায়ন; চট্টগ্রাম-পটিয়া রুটে সরকার নির্ধারিত ভাড়া আদায় নিশ্চিত করা; অনুমোদনহীন মহেন্দ্র-ভটভটি-টুকটুকি চলাচল বন্ধ করা; পরিবহন শ্রমিক নেতাদের বিরুদ্ধে কক্সবাজার ও চকরিয়া থানায় করা দুটি মামলা প্রত্যাহার এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী যানবাহনে রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/২০৩৩ ঘ.
bdnews24