২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরের বাবু হত্যা: ২৩ আসামির জামিন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নূর ওরফে বাবু হত্যা মামলায় ২৭ জনের মধ্যে প্রধান আসামি কে এম জাকির হোসেনসহ ২৩ জন জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

নাটোর, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নূর ওরফে বাবু হত্যা মামলায় ২৭ জনের মধ্যে প্রধান আসামি কে এম জাকির হোসেনসহ ২৩ জন জামিন পেয়েছেন। মঙ্গলবার নাটোরের অবকাশকালীন দায়রা জজ হোসেন শহীদ আহমেদ এ জামিন আদেশ দেন। এদিকে সানাউল্লাহ নূরের স্ত্রী মহুয়া নূর কচি জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করতে না দেওয়ার অভিযোগ করেন। গত ২০ নভেম্বর নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করলে ২৭ আসামিকে করাগারে পাঠানো হয়। জামিন আবেদনের শুনানিতে আসামিপক্ষে ছিলেন প্রবীণ আইনজীবী জেলা আওয়ামী লীগ সভাপতি সাজেদুর রহমান খান, আরিফুল ইসলাম ও সাজেদুর রহমান চৌধুরীসহ আরো কয়েকজন। ২৭ আসামির মধ্যে কে এম জামিল হোসেন, মোয়াজ্জেম হোসেন, সেলিম হোসেন ও হাসেম আলীর জামিন আবেদন নাকচ করেন বিচারক। গত বছরের ৮ অক্টোবর বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরশহরে সানাউল্লাহ নূর ওরফে বাবুকে দুর্বৃত্তরা প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় তার স্ত্রী মহুয়া নূর কচি বাদী হয়ে বনপাড়া পৌরসভার বর্তমান মেয়র ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম জাকির হোসেনসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটির তদন্ত চলছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী সুপার আহম্মদ আলী মামলাটি তদন্ত করছেন। আইনজীবী নিয়োগের অনুমতি না দেওয়ার অভিযোগ মহুয়া নূর কচি মঙ্গলবার সন্ধায় নাটোর জেলা প্রেসক্লাবে গিয়ে অভিযোগ করেন, তিনি নাটোর জেলা প্রশাসকের কাছে সোমবার (১৯ ডিসেম্বর) লিখিত দরখাস্তে ব্যক্তিগত আইনজীবী নিয়োগের আবেদন করেন। কিন্তু নানা অজুহাতে জেলা প্রশাসক তাকে অনুমতি দেননি। জেলা প্রশাসক মো. মজিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, বাদীপক্ষে সরকার নিয়োজিত পিপি মামলা পরিচালনা করবেন। এক্ষেত্রে ব্যক্তিগত আইনজীবী নিয়োগের সুযোগ আছে কি না তা জানার জন্য পিপির মতামত চাওয়া হয়েছে। মতামত পেলে এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২০ ঘ.