ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশনে ভারতীয় নাগরিকদের নাম বাদ দিয়ে ভোটার তালিকা সংশোধন করতে বলেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ নির্বাচন কমিশনকে এ নির্দেশ দেয়।
এক সপ্তাহের মধ্যে ভারতীয় পাঁচ নাগরিকের নাম বাদ দিয়ে ভোটার তালিকা সংশোধন করতে হবে। আগামী ৫ জানুয়ারি এ নির্বাচনের ভোটগ্রহণ হবে।
দোয়াত কমল প্রতীকের প্রার্থী মো. সালমান সাইদের করা এক রিট আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেয়।
রিট আবেদনে বলা হয়, কুমিল্লার ১১ নম্বর ওয়ার্ডে মনোহরপুর অংশে কমপক্ষে পাঁচ জন ভারতীয় নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
রিট আবেদনকারীর পক্ষে আদালতে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
আদালতের এ আদেশের বিষয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, আদালতের আদেশ দেখে বিষয়টি খতিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২২৫৭ ঘ.
bdnews24