২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ: যৌথ সমীক্ষার জন্য সংসদীয় কমিটির সুপারিশ

যৌথ সমীক্ষার আগে ভারত যাতে বরাক নদীর টিপাইমুখে বাঁধ নির্মাণ শুরু না করে- সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 01:55 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌথ সমীক্ষার আগে ভারত যাতে বরাক নদীর টিপাইমুখে বাঁধ নির্মাণ শুরু না করে- সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার সংসদ ভবনে এ বিষয়ে বৈঠক শেষে কমিটির সদস্য মো. আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, যৌথ নদী কমিশনের আসন্ন বৈঠকে টিপাইমুখে বাঁধ নির্মাণের বিষয়টিতে বাংলাদেশের অবস্থান এবং করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনার সুপারিশ করা হয়েছে। “ভারত ইতোমধ্যে জানিয়েছে, তারা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য টিপাইমুখে ড্যাম করবে। আমরা চাই, যৌথ সমীক্ষার পরে যেনো ভারত এ সিদ্ধান্ত নেয়। যৌথ নদী কমিশনের বৈঠকে তা তুলে ধরতে বলেছি আমরা।” কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের অনুপস্থিতিতে আব্দুর রহমানই সোমবারের বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য এবং পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, মো. মাহবুবুর রহমান ও এ বি এম রুহুল আমিন হাওলাদার এতে অংশ নেন। আব্দুর রহমান বলেন, “বাংলাদেশ যাতে কোনোভাবেই পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে।” টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে ভারতের মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর গত নভেম্বরে গণমাধ্যমে আসার পর বিষয়টি নিয়ে উদ্বেগের সৃষ্টি হয় বাংলাদেশে। বাঁধ নির্মাণ উদ্যোগের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচি থেকে টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধে আন্দোলনের পাশাপাশি সরকারকে আন্তর্জাতিক আদালতে যাওয়ার আহ্বান জানানো হয়। এ বিষয়ে ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেন, “আমরা যথেষ্ট অধিকার সচেতন। এরই মধ্যে আমরা দুজন প্রতিনিধি (দিল্লি) পাঠিয়েছি। দেশের জন্য ক্ষতিকারক হয়, এমন কিছু মেনে নেবো না, হতে দেবো না। ক্ষতিকারক কোনো পদক্ষেপ মেনে নেওয়া সম্ভব নয়।” এর আগে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া যৌথ জরিপের দাবি জানিয়ে মনমোহন সিংকে চিঠি দেন। টিপাইমুখে বাঁধ নির্মাণ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আশ্বাস ভঙ্গ করেছেন- এমন অভিযোগ এনে যৌথ জরিপের দাবি জানিয়েছেন মহাজোট সরকারের অন্যতম শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও। বাংলাদেশে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই গত ৪ ডিসেম্বর মনমোহন সিং ঘোষণা দেন- মনিপুর রাজ্যে আরো কয়েকটি প্রকল্পের সঙ্গে বরাক নদীতে বাঁধ তৈরি করে টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন হবে। যদিও ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে- বরাক নদীর ওপর বাঁধ হলে তাতে বাংলাদেশের ক্ষতি হবে না। এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান ব্যাখ্যা করে গত ৯ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ নিয়ে নিয়ে উদ্বেগ জানিয়েছে সরকার এবং এ প্রকল্পের সম্ভাব্য বিরূপ প্রভাব থেকে বাংলাদেশকে সুরক্ষা দিতে ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারকে বলা হয়েছে।” পানি সম্পদ মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুর রহমান বলেন, ভারত কোনো অবস্থাতেই যাতে পানি প্রত্যাহার না করে, বাংলাদেশ যাতে পানি সংকট বা অতি বন্যায় আক্রান্ত না হয়- এ বিষয়গুলো নিয়েই বাংলাদেশ উদ্বিগ্ন। “এজন্যে কারিগরি বিশেষজ্ঞদের দিয়ে যৌথ সমীক্ষাকালে বাংলাদেশকেও যেনো রাখা হয়- সে সুপারিশ করা হয়েছে”, যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৯৪৮ ঘ.