চট্টগ্রাম, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশে ‘পুলিশি হামলা’ এবং কেন্দ্র ঘোষিত ‘দেশ বাঁচাও’ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে সমাবেশ করেছে বিএনপি।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশ থেকে দেশ রক্ষার গণআন্দোলনকে গণঅভুত্থানে পরিণত করার আহবান জানান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।
তিনি বলেন, “শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গণতন্ত্র পুলিশের লাঠি ও বুটের নিচে পিষ্ট। দেশে অঘোষিতভাবে বাকশালী শাসন চলছে, মানবাধিকার ভুলুণ্ঠিত। এই দুর্বিষহ অবস্থায় মানুষ আর ঘরে বসে থাকতে পারে না।”
বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য নেতাকর্মীরা রোববার সকালে ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জড়ো হলে পুলিশ তাদের লাঠিপেটা করে বের করে দেয়। এর পরপরই ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বিস্ফোরণ এবং কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ঢাকায় বিস্ফোরণে এক জন নিহত হয়। সিলেটেও বাসে আগুন দেওয়ার ঘটনায় পুড়ে মারা যায় একজন।
এসব ঘটনার জন্য সরাসরি বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। অন্যদিকে বিএনপির দাবি, সমাবেশ বানচাল করতে সরকার পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়।
সমাবেশে সভাপতির বক্তব্যে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “শেখ হাসিনার পিতা যেমন বাকশাল কায়েম করেছিলেন, ঠিক তেমনি তিনিও গণতন্ত্রকে শৃঙ্খলবদ্ধ করেছেন। দেশের স্বাধীনতা অন্য দেশের হাতে তুলে দিয়েছেন। সরকারের অদক্ষতার কারণে দেশের অর্থনীতি ধ্বংস হতে বসেছে।”
অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, কেন্দ্রীয় নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, উত্তর জেলার সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী সমাবেশে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৮৪৮ ঘ.
bdnews24