২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রের লাশ উদ্ধার

চট্টগ্রামে হাতের রগ কাটা এবং ও গলায় ক্ষতচিহ্নসহ এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে হাতের রগ কাটা এবং ও গলায় ক্ষতচিহ্নসহ এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ কফিলউদ্দিন (২১) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কম্পিউটার বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কোতোয়ালি থানার জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আনোয়ারা উপজেলার বাসিন্দা মোহাম্মদ রফিকের ছেলে কফিলউদ্দিন নগরীর আলমাস সিনেমা হলের পাশের গলিতে পরিবারের সদস্যদের সঙ্গে থাকতেন। বাসার কয়েকশ গজের মধ্যেই তার লাশ পাওয়া যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মসজিদের দক্ষিণ পাশের উঁচু জায়গা থেকে ডান হাতের রগ কাটা ও গলার বাম পাশে জখমসহ কফিলউদ্দিনের লাশ উদ্ধার করা হয়। রোববার দুপুর আড়াইটার সময় গ্রামের বাড়ি যাওয়াার কথা বলে কফিল বাসা থেকে বের হয়ে আর ফেরেনি বলে পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি জানান, নিহতের পকেটে একটি মোবাইল ফোন সেট পাওয়া গেছে। তার বাবা জানিয়েছেন, বাসা থেকে বের হওয়ার সময় কফিলউদ্দিনের সঙ্গে একটি ল্যাপটপ ছিলো। এসআই আকতার বলেন, কেন ও কীভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/১৮১৫ ঘ.