নরসিংদী, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর বিরুদ্ধে ‘অপপ্রচার’ ও ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন হয়েছে।
লোকমান হত্যার দেড় মাসেরও বেশি সময় পর সোমবার এই কর্মসূচির ডাক দেয় রায়পুরা উপজেলা আওয়ামী লীগ। রাজু নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য।
ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা থেকে মাহমুদাবাদ পর্যন্ত সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে হাজার দেড়েক মানুষ অংশ নেয়।
এতে উপজেলা আওয়ামী লীগের নেতারা ছাড়াও মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয় ও রায়পুরা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি দেখা গেছে।
নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমানকে গত ১ নভেম্বর দলীয় কার্যালয়ে গুলি করে হত্যা করে মুখোশধারী সন্ত্রাসীরা।
লোকমানের পরিবারের দাবি, এতে নরসিংদীর সংসদ সদস্য রাজুর পরিবারের যোগসাজশ রয়েছে। লোকমানের ছোটভাই মো. কামরুজ্জামান যে মামলা করেছেন, তাতে মন্ত্রীর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুকেও আসামি করা হয়েছে।
তবে রাজুর পরিবার এই হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা অস্বীকার করে আসছে। লোকমান হত্যাকাণ্ডের বিচার চেয়ে নরসিংদীতে ধারাবাহিক কর্মসূচি চললেও রাজুর পক্ষে এটাই কোনো প্রকাশ্য কর্মসূচি।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউনুস আলী ভূঞা।
লোকমান হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার দাবি করে ইউনুস আলী বলেন, লোকমান হত্যার পর একটি গোষ্ঠী পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে মন্ত্রী রাজু এবং তার পরিবারের বিরুদ্ধে অপবাদ ও অপপ্রচার চালাচ্ছে। এই হত্যাকাণ্ডে মন্ত্রী, তার ভাই বা মন্ত্রীর এপিএস কেউ জড়িত নয়।
মানববন্ধন চলাকালে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনকারীরা লোকমান হত্যা মামলার প্রধান আসামি মন্ত্রীর ছোট ভাই বাচ্চু এবং মন্ত্রীর এপিএস মাসুদুর রহমান মুরাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি সম্বলিত পোস্টার বহন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৪৯ ঘ.
bdnews24