২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি ছাত্র হত্যা: আরো একজন গ্রেপ্তার

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যায় আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে চারজনকে গ্রেপ্তার করা হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যায় আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে চারজনকে গ্রেপ্তার করা হলো। রোববার রাতে সিলেট সদরের হাওর এলাকা থেকে সোহেল (২৪) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। সোহেল উপজেলার নীলগাঁও এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। জালালাবাদ থানার ওসি মো. সেলিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের একটি বিশেষ দল রোববার রাত ১০টায় নলকোট থেকে সোহেলকে গ্রেপ্তার করে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ-র‌্যাব ও গোয়েন্দাদের অভিযান চলছে বলে জানান তিনি। শুক্রবার সন্ধ্যায় নৌকাভ্রমণে গিয়ে ডাকাতের হাতে অপহৃত হন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দীপঙ্কর ঘোষ অনিক ও খায়রুল কবীর। পরদিন তাদের লাশ পাওয়া যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে এর আগে তারেক, গুলজার ও ছইফুল মিয়া নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। তিন দফা দাবিতে আন্দোলন দুই ছাত্র হত্যার ঘটনায় তিন দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা, দায়িত্বে অবহেলার জন্য প্রক্টরের পদত্যাগ এবং অনিক-খায়রুলের নামে বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরের নামকরণ করা। এসব দাবিতে শিক্ষার্থীরা সোমবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবনের সামনে আড়াইঘণ্টা প্রতীকী অনশন করে। নিহতদের সঙ্গী ও ডাকাতের কবল থেকে পালিয়ে আসা শিক্ষার্থী জোসেফ জানান, আগামী দুই দিনের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে বৃহস্পতিবার থেকে গোল চত্বরে প্রতীকী লাশ প্রদর্শন ও গণস্বাক্ষর কর্মসূচি শুরু হবে। এদিকে সম্মিলিত সাংস্কৃতিক জোট দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে হত্যার বিচার দাবি করে মানববন্ধন করেছে। তদন্ত প্রতিবেদন দুই ছাত্র হত্যার ঘটনা তদন্তে গঠিত কমিটির আহ্বায়ক পরিসংখ্যান বিভাগের প্রধান ড. মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্ত কমিটি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ কয়েকজন শিক্ষার্থীর সাক্ষাৎকার গ্রহণ করেছে। ২/৩ দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান জাকির হোসেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- অর্থনীতি বিভাগের প্রধান সৈয়দ হাসানুজ্জামান শ্যামল ও একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সায়ন চক্রবর্তী। কমিটি ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১৬ ঘ.