২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মশার কয়েল থেকে বাসে আগুন, দুই জন দগ্ধ

রাজধানীর বাড্ডায় রোববার মধ্যরাতে একটি বাসে অগ্নিকাণ্ডে চালকের সহকারী ও কন্ডাকটার দগ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 04:55 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ১৯ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডায় রোববার মধ্যরাতে একটি বাসে অগ্নিকাণ্ডে চালকের সহকারী ও কন্ডাকটার দগ্ধ হয়েছে। কণ্ডাকটার আনোয়ার ও সহকারী রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হয়েছে। রাতে মশার কয়েল থেকে বাসে আগুন লাগে বলে পুলিশকে জানিয়েছে তারা। বাড্ডা থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১১ টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের উত্তর দিকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা আর এম পরিবহনের বাসটিতে আগুন লাগে। আনোয়ার ও রবিন ভেতরেই ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই দুই জনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। সেখান থেকে পুলিশ দগ্ধ দুইজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে যায়। জাহাঙ্গীর আলম বলেন, “তারা হাসপাতালে পুলিশকে জানিয়েছেন, মশার কয়েল জ্বালিয়ে বাসের ভেতর কাথা মুড়ি দিয়ে ঘুমানোর সময় কয়েল থেকে কাথায় লাগে। পরে তা বাসের সিটেও ছড়িয়ে পড়ে।” আগুন টের পেয়ে নেভাতে গেলে আনোয়ার ও রবিনের দুই হাত ঝলসে যায় বলে উপপরিদর্শক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১০৫১ ঘ.