সিরাজগঞ্জ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা, সিলেটের পর সিরাজগঞ্জেও একটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
রোববার ঢাকায় গোলযোগ শুরুর কয়েক ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জেও বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মহাসড়কে ঝাঐল ওভারব্রিজ এলাকায় উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
তারা বলছেন, দুপুর পৌনে ১টার দিকে বিএনপিকর্র্মীরা বাসটি থামিয়ে সড়কের ওপরই এতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি পুড়ে যায়।
বাসে আগুন দেওয়ার আগে যাত্রীরা নেমে পড়ায় কারো কোনো ক্ষতি হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
রোববার সকালে ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপিকর্মীদের লাঠিপেটার পর রাজধানীর কয়েকটি স্থানে বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়া হয়। ঢাকায় বিস্ফোরণে মারা যান এক জন। এছাড়া সিলেটে বাসে আগুন দেওয়ায় মারা যান এক জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৪৪৩ ঘ.
bdnews24