২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্তৃপক্ষ ব্যর্থ, রাস্তা করছে এলাকাবাসী

কর্তৃপক্ষের কাছে সব আবেদন-নিবেদন ব্যর্থ হওয়ার পর রাস্তা নির্মাণ শুরু করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 05:56 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

সাদেকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নওগাঁ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্তৃপক্ষের কাছে সব আবেদন-নিবেদন ব্যর্থ হওয়ার পর রাস্তা নির্মাণ শুরু করেছে এলাকাবাসী। চাঁদা দিয়ে স্বেচ্ছাশ্রমে এই সড়ক নির্মাণ করছে নওগাঁ পৌরসভার কয়েকটি মহল্লার লোকজন। নওগাঁ শহরের পার-নওগাঁ টাউন হলের পূর্ব পাশের ঢাকা-নওগাঁ মহাসড়ক থেকে চশরামপুর পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ এই সড়কটি এলাকার অন্তত ৩০ হাজার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটি চলাচল উপযোগী না হওয়ায় নওগাঁ সদরের ১০/১২টি গ্রামের মানুষকে বহু পথ ঘুরে শহরে যেতে হয়। রোববার নওগাঁ পৌরসভার মেয়র মো. নজমুল হক সনি ওই রাস্তার নির্মাণ কাজ দেখতে গিয়ে এলাকাবাসীকে বলেন, রাস্তার নির্মাণে মাটি কাটার কাজের জন্য কোনো অর্থ বরাদ্দ তার হাতে নেই। তবে, এ কাজে কিভাবে সহযোগিতা করা যায় ভেবে দেখার আশ্বাস দেন তিনি। রাস্তার নির্মাণ কাজ তদারকি করছে এলাকাবাসীদের নিয়ে গঠিত কদমতলি-রহমানিয়া রাস্তা কমিটি। এরই মধ্যে প্রায় ৫০ ভাগ মাটি কাটার কাজ শেষ হয়েছে বলে কমিটির সদস্যরা জানান। রাস্তা নির্মাণ কমিটির আহবায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব বজলুর রহমান এবং সদস্য মঞ্জুর মোর্শেদ জানান, রাস্তাটির মাটির কাজ শেষ করতে প্রায় দেড় লাখ টাকার প্রয়োজন। এলাকাবাসীর চাঁদায় কাজ শুরু হলেও পুরো টাকা সংগ্রহ করা কঠিন হবে। কমিটির আহবায়ক হুমায়ুন কবির বলেন, নওগাঁ নগর পরিকল্পনায় ৫ নম্বর খতিয়ানভুক্ত ৩৪৯১ ও ৩৪৪৭ দাগের এই জমি সড়কের জন্য নির্ধারিত। সদস্য সচিব বজলুর রহমান জানান, এলাকাবাসী ১৯৮০ সাল থেকে পৌরসভাসহ বিভিন্ন কর্তৃপক্ষের কাছে রাস্তাটি নির্মাণের জন্য আবেদন নিবেদন করে আসলেও কেউ কোনো পদক্ষেপ নেয়নি। অবশেষে ৩০ বছর পর এলাকার মানুষ চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তাটি নির্মাণের উদ্যোগ নিয়েছে। কমিটির সদস্য মঞ্জুর মোর্শেদ জানান, রাস্তাটির কাজ সম্পন্ন হলে নওগাঁ শহরের পার-নওগাঁ, রজাকপুর, ট্রাক টার্মিনাল দক্ষিণ পাড়া, গোলভাণ্ডার শরীফপাড়া, শিয়ালপাড়া, মণ্ডলপাড়া, ঢাকা বাস টার্মিনাল, চশরামপুর, পিরোজপুরসহ অন্তত ১০/১২টি গ্রামের মানুষের নওগাঁ শহরে যাতায়াত সহজ হয়ে যাবে। এখন এসব গ্রামের বাসিন্দাদের অনেক ঘুরে নওগাঁ শহরে যেতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩৩৩ ঘ.