নোয়াখালী, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার সকালে চর বজলুল করিম গ্রামে খুন হন এলাকার হাজী মজিবুল হকের ছেলে ফয়েজল মানিক (৪৫)। তার শ্বশুরের নাম মনির আহম্মদ।
ফয়েজল মানিক চট্টগ্রামে জাহাজে চাকরি করতেন বলে জানায় পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে।
চর আমানউল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল সাংবাদিকদের জানান, মানিক কয়েক মাস আগে শ্বশুর মনির আহম্মদের কাছ থেকে কিছু জমি কেনেন। কয়েক দিন আগে জমির দলিল চাইলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর জেরে সকালে আবারো কথা কাটাকাটির এক পর্যায়ে মনির শাবল নিয়ে মানিকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্বশুর মনির আহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২৩ ঘ.
bdnews24