ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে বিএসএফের গুলি করে তিন বাংলাদেশি হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে নয়া দিল্লিকে এ ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অণুবিভাগের মহাপরিচালক শামীম আহসান বলেন, রোববার নয়া দিল্লিতে পাঠানো এক প্রতিবাদ লিপিতে এ আহ্বান জানানো হয়েছে।
“এ ঘটনার একটি তদন্ত করে পরবর্তীতে যাতে এ ধরনের হত্যা আর না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।”
বিএসএফ সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা করবে না বলে ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নিশ্চয়তা দেওয়ার পরও এ হত্যাকাণ্ড ঘটায় প্রতিবাদলিপিতে হতাশা ব্যক্ত করা হয়েছে বলে জানান তিনি।
শনিবার কুড়িগ্রাম-দিনাজপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি নিহত হয়। এরমধ্যে দু’জনের লাশ রোববার ফেরত দিয়েছে বিএসএফ।
বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের গুলিতে প্রায়ই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটে থাকে। এ ধরনের হত্যা বন্ধ করতে ইতিমধ্যে ভারতের প্রতি আহ্বান জানিয়ে এসেছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা।
এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেছিলেন, সীমান্তে হত্যা বন্ধে বিএসএফকে ‘প্রাণঘাতী নয়’ এমন অস্ত্র দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/১৯৫৮ ঘ.
bdnews24