২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁচপুরে সড়ক অবরোধ যুবদলের

টিপাইমুখ বাঁধ নির্মাণ ও ‘গুপ্ত হত্যা’র প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা যুবদল সোনারগাঁওয়ের কাঁচপুরে একঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধ নির্মাণ ও ‘গুপ্ত হত্যা’র প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা যুবদল সোনারগাঁওয়ের কাঁচপুরে একঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। রোববার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ অবরোধ চলাকালে তারা বিক্ষোভ মিছিলও করে। এসময় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল শুরু হয়। সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুবদলের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করার কিছুক্ষণের মধ্যে পুলিশ তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। অবরোধ চলাকালে জেলা বিএনপি’র সহ-সভাপতি বদরুজ্জামান খসরু, যুবদল সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল ও একরামুল কবীর মামুনসহ অন্য নেতারা বক্তব্য দেন। বক্তারা টিপাইমুখ বাঁধ নির্মাণে ভারত সরকারের চুক্তি এবং দেশে ‘গুপ্ত হত্যা’র প্রতিবাদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯১২ ঘ.