২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে উচ্চক্ষমতার তিনটি বিদ্যুৎ উপকেন্দ্র হচ্ছে

ঢাকা মহানগরীতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন তিনটি উপকেন্দ্র স্থাপনে জার্মানির একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ডিপিডিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন তিনটি উপকেন্দ্র স্থাপনে জার্মানির একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ডিপিডিসি)। পৃথক তিনটি চুক্তির আওতায় জার্মাানির কেএফডব্লিউ ব্যাংক এবং সরকারের অর্থায়নে ঢাকার লালবাগ ও মাদারটেকে ১৩২/৩৩ কেভি’র নতুন দুইটি উপকেন্দ্র স্থাপন এবং ধানমন্ডির ৩৩/১১ কেভি’র বর্তমান উপকেন্দ্রটি ১৩২/৩৩ কেভিতে রূপান্তর করা হবে। চুক্তি সই শেষে ডিপিডিসির সচিব হাসনাত চৌধুরী জানান, আগামী ১৮ মাসের মধ্যে স্টেশনগুলো নির্মাণ কাজ শেষ হবে। এ কেন্দ্রগুলোর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১২১ কোটি ৪০ লাখ ৫৮ হাজার ২৩৯ টাকা। এর মধ্যে ১০৫ কোটি ৫১ লাখ ৪৬ হাজার ৯৪০ টাকা কেএফডব্লিউ এবং বাংলাদেশ সরকার ১৫ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ২৯৯ টাকা দেবে। ডিপিডিসি ঢাকা মহানগরীর ধানমন্ডি, লালমাটিয়া, শাহবাগ, শ্যামলী, যাত্রাবাড়ী, কমলাপুর, পুরান ঢাকা ও নারায়ণগঞ্জে বিদ্যুৎ সরবরাহ করে। ডিপিডিসির অধীনে ঢাকা মহানগরীতে বর্তমানে ১২টি ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র রয়েছে। রোববার রাজধানীর আব্দুল গণি সড়কে ডিপিডিসির প্রধান কার্যালয়ে জার্মানির প্রতিষ্ঠান সিমেন্স এজি জার্মানি এন্ড সিমেন্স বাংলাদেশ লিমিটেডের পক্ষে সিমেন্সের সিনিয়র প্রকল্প পরিচালক গের্হার্ড সেরনি এবং ডিপিডিসির পক্ষে ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ হাসনাত চৌধুরী চুক্তিতে সই করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯০০ ঘ.