ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির দেওয়া সংবর্ধনা নিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে দলটির প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
রোববার খালেদা জিয়ার উপস্থিতিতে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সংবর্ধনা সভায় মুক্তিবাহিনীর মেডিকেল কোরের এই কমাডেন্ট বলেন, “মওলানা ভাসানী, তাজউদ্দিন আহমেদ, এম এ জি ওসমানীর নাম থাকবে না, সেই ইতিহাস গ্রহণযোগ্য হতে পারে না।। তাই আপনি ক্ষমতায় গেলে সঠিক ইতিহাস প্রণয়নের ব্যবস্থা নেবেন।
“আমরা বিএনপি কিংবা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা নই, আমরা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলাম। সঠিক ইতিহাস আমরা চাই,” গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ।
তিনি আরো বলেন, “৭ মার্চ রেইস কোর্সের মাঠের এক বক্তৃতায় মুক্তিযুদ্ধ হয়নি।”
বিএনপি ক্ষমতায় গেলে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নের দাবিও জানান তিনি।
বিজয়ের ৪০ বছর পূর্তিতে সাড়ে ৩ হাজার মুক্তিযোদ্ধাকে রোববার সংবর্ধনা দেয় বিএনপি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অবসরপ্রাপ্ত মেজর শাহজাহান ওমর বলেন, “জীবনবাজি রেখে বাংলার যে দামাল ছেলেরা এ দেশ স্বাধীন করেছেন, তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। দীর্ঘ ৪০ বছর পর আপনি (খালেদা) জাতির শ্রেষ্ঠ সন্তানকে সম্মান জানাচ্ছেন, এজন্য আমরা কৃতজ্ঞ।”
“আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন। আপনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন। এই বুড়ো মুক্তিযোদ্ধাদের ভুলে যাবেন না। তাদের ভাতা বৃদ্ধি করবেন। মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়েদের শিক্ষা ফ্রি করে দেবেন,” বলেন তিনি।
ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা বলেন, “জিয়াই স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশের মানুষের মনে স্থান করে নিয়েছেন। তাই এদেশ যতদিন থাকবে শহীদ জিয়ার নাম কেউ মুছে ফেলতে পারবে না। আওয়ামী লীগের কিছু বাচাল নেতার উদ্দেশে বলতে চাই, যারা জিয়াকে মুছে ফেলতে চান, তারাই নিশ্চিহ্ন হয়ে যাবেন।”
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমানে এলডিপি নেতা রেদোয়ান আহমেদ বলেন, “মুক্তিযোদ্ধাদের দল জিয়াউর রহমানের গড়া বিএনপি দল। আমরা সরকারকে বলে দিতে চাই- আওয়ামী লীগ নয়, বিএনপিতে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি।”
হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, “জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। তার এই ব্রিগেডের বীরগাথা দেশের মানুষকে অনন্তকাল উজ্জীবিত হবে। বিএনপি মুক্তিযুদ্ধের দল, আর আওয়ামী লীগ শরণার্থীর দল।”
অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এম হামিদুল্লাহ খান বলেন, “জিয়া ছিলেন মুক্তিবাহিনীর নেতা। আর ওই সময়ে পলাতক বাহিনীর নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। জিয়া মুক্তিযুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। যারা জানে না, তারাই জিয়ার বিরুদ্ধাচরণ করেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮৪০ ঘ.
bdnews24