ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদ্রাসা ছাত্র ও শিক্ষকদের প্রবল বিরোধিতার মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
সদরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে রোববার সকালে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে ‘বিজয়ানন্দ কনসার্ট’।
বিজয় দিবসের চল্লিশ বছর পূর্তিতে জেলা প্রশাসন ও গুণীজন সংবর্ধনা পরিষদ যৌথভাবে এ কনসার্টের আয়োজন করে।
এ কনসার্ট বন্ধের জন্য গত দু’দিন ধরে শহরে বিক্ষোভ করে আসছিলো বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক র্যাব-পুলিশ ও দাঙ্গা পুলিশ মোতায়েন ছিলো।
কনসার্টে এলআরবি’র আইয়ুব বাচ্চু, দলছুটের বাপ্পা মজুমদার, হৃদয় খান সংগীত পরিবশেন করেন।
কনসার্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। পরে গুণীজন সংবর্ধনা পরিষদের সভাপতি আবুল বাসেতের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, একটি গোষ্ঠী এই ‘বিজয়ানন্দ কনসার্ট’ হতে না দেওয়ার জন্য নানাভাবে চেষ্টা করেছে। কিন্তু স্বাধীনতা প্রিয় মানুষের সহযোগিতায় অবশেষে তা অনুষ্ঠিত করা গেল।
সভায় বিএসবি ক্যামর্রিয়ান স্কুল ও কলেজের চেয়ারম্যান এম কে বাশার, ডা. আষীশ কুমার চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩০ ঘ.
bdnews24