২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈত্যপ্রবাহ চলতে পারে আরো একদিন

মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহে জবুথবু হয়ে পড়েছে দেশের উত্তর জনপদ। শনিবার দেশের সর্বনিু তাপমাত্রা ছিল যশোরে, ৬ ডিগ্রি সেলসিয়াস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহে জবুথবু হয়ে পড়েছে দেশের উত্তর জনপদ। শনিবার দেশের সর্বনিু তাপমাত্রা ছিল যশোরে, ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের উত্তরাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। রোববারও তা অব্যাহত থাকতে পারে। পরিস্থিতির উন্নতি ঘটবে সোমবার থেকে। “উত্তর-পশ্চিম মৌসুমী বায়ুর বিস্তার ঘটায় গত দু’ দিন আগে উত্তরাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ শুরু হয়। এখন তা মাঝারি রূপ নিয়েছে। তবে তাপমাত্রা আর কমার আশঙ্কা নেই।” আবহাওয়া অফিস জানায়, শনিবার রাজশাহী অঞ্চলসহ পাবনা, সৈয়দপুর, দিনাজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, খেপুপাড়া এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করে। “সোমবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। ধীরে ধীরে শীত কমবে। তবে মাসের শেষ ভাগে অথবা জানুয়ারির শুরুতে আবার শৈত্যপ্রবাহ হতে পারে”, পূর্বাভাস দেন বজলুর রশিদ। এর প্রভাবে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলেও শীতের তীব্রতা বেড়েছে। কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে নৌ ও বিমান চলাচল। আবহাওয়া অধিদপ্তর বলছে, ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত রাতে মাঝারি ধরনের কুয়াশা হতে পারে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজারে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিু ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চটগ্রামে ১৪ দশমিক ২ ডিগ্রি, রাজশাহীতে ৭ দশমিক ৪ ডিগ্রি, রংপুরে ১০ দশমিক ৪ ডিগ্রি, খুলনায় ১০, বরিশালে ৯ দশমিক ৮ এবং সিলেটে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়। ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে। মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চলে এক বা দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৮২৪ ঘ.