২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রান্নাই নয়, বায়োগ্যাস ঘরেও আনছে আলো

বায়োগ্যাসের ব্যবহার বাড়িয়ে মানুষের জীবন মানের উন্নয়নের লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে ১৭ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত পালিত হবে বায়োগ্যাস সপ্তাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 03:12 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রান্নার জন্য কেরোসিন, লাকড়ি ও খড়কুটোর বদলে বায়োগ্যাস ব্যবহার করছে গ্রামীণ নারী। বিদ্যুতের অভাবও পূরণ হচ্ছে এ গ্যাস দিয়ে ঘরে বাতি জ্বালিয়ে। ইতোমধ্যে সারাদেশে প্রায় ২০ হাজার বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়েছে। বাড়ির আঙিনায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনের মাধ্যমে গ্যাস দিয়ে রান্নার পাশাপাশি তারা ঘর আলো করা হচ্ছে। বায়োগ্যাস হলো পচনশীল যে কোন জৈব পদার্থ যেমন গোবর, মুরগির বিষ্ঠা ইত্যাদি বায়ুশূন্য অবস্থায় রাখলে যে পরিচ্ছন্ন গ্যাস উৎপন্ন হয়, তা-ই বায়োগ্যাস। বায়োগ্যাসের ব্যবহার বাড়িয়ে মানুষের জীবন মানের উন্নয়নের লক্ষ্যে এ সম্পর্কে সচেতনতা বাড়াতে ১৭ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত তৃতীয়বারের মতো বায়োগ্যাস সপ্তাহ পালনের আয়োজন করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইসলাম শরীফ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০০৯ সাল থেকে বায়োগ্যাস সপ্তাহ পালন করা হচ্ছে। এবারো নানা আয়োজনের মধ্য দিয়ে এ সপ্তাহ পালন করা হবে।” জাতীয় গার্হস্থ্য বায়োগ্যাস ও জৈব সার কর্মসূচি প্রকল্পের আওতায় সারাদেশে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হচ্ছে। ২০০৬ সালের এপ্রিল থেকে শুরু হওয়া ছয় বছর মেয়াদি এ প্রকল্প ২০১২ সালের ডিসেম্বরে শেষ হবে বলে জানান শরীফ। এ প্রকল্পের আওতায় ২০১২ সালের মধ্যে মোট ৩৭ হাজার ২৬৯টি প্লান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গত ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২০ হাজার প্লান্ট স্থাপন করা হয়েছে। বাকি প্লান্ট স্থাপনের কাজ আগামী বছরের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেন শরীফ। ইডকলের সহযোগী সংগঠন হিসেবে ৩০টি বেসরকারি সংস্থা (এনজিও) গ্রাম পর্যায়ে এ প্লান্ট স্থাপনে কাজ করছে। আন্তর্জাতিক এনজিও এসএনভি-নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং জার্মান সরকারের উন্নয়ন সংস্থা কেএফডব্লিউ এই প্রকল্পে অর্থায়ন করছে। দেশের ৩ শতাংশ লোক প্রাকৃতিক গ্যাসে রান্না করে উল্লেখ করে ইডকলের নির্বাহী পরিচালক বলেন, “যারা পাইপ লাইনে সরবরাহ করা প্রাকৃতিক গ্যাসে রান্না করছে তাদের অধিকাংশই শহরে বসবাস করে। অথচ মোট জনসংখ্যার শতকরা ৭০ ভাগ লোক গ্রামে বাস করে, তারা এই সুবিধা থেকে বঞ্চিত।” এছাড়া গ্রামের মানুষ রান্নার কাজে গাছপালা, পাতা, কাঠ, শুকনো গোবর ও নানা ধরনের বর্জ্য ব্যবহার করে। ফলে বন উজাড় হওয়ার পাশাপাশি পরিবেশের ক্ষতি হচ্ছে। কমছে জমির উর্বরা শক্তি। শরীফ বলেন, “গোবর ও বিষ্ঠাকে একটা সময় শুধুই বর্জ্য হিসেবে বিবেচনা করা হতো। এখন প্রযুক্তির উৎকর্ষতার মাধ্যমে এ বর্জ্য পদার্থকে সম্পদে পরিণত করা সম্ভব হয়েছে। “মূলত গরুর গোবর ও মুরগির বিষ্ঠা থেকে উৎপন্ন বায়োগ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে। এছাড়া বায়োগ্যাস প্লান্ট থেকে প্রাপ্ত জৈবসার কৃষি জমির উর্বরতা বৃদ্ধি করে মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” এসব সুবিধার কথা বিবেচনা করে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইডকলের নির্বাহী পরিচালক। এ প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নাজমুল হক ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একবার একটি প্লান্ট বসালে তা ৩০ বছরেরও বেশি সময় ব্যবহার করা যায়। প্লান্ট স্থাপনের জন্য রান্না ঘরের পাশে ২০০ বর্গফুটের জায়গা এবং জৈব পদার্থ যেমন গোবর, মুরগীর বিষ্ঠার জন্য অন্তত চারটি গরু বা ২০০টি লেয়ার মুরগি প্রয়োজন। পরিবারের লোকসংখ্যা ও গরুর গোবর অথবা মুরগির বিষ্ঠার পরিমাণের ওপর ভিত্তি করে প্ল্যান্টের আকার ছোট-বড় হতে পারে। একটি প্লান্ট স্থাপনে ২৫ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ইডকল ৯ হাজার টাকা ভর্তুকি দেয়। পরে প্রায় ১৪ থেকে ১৬ হাজার টাকা ঋণ দেয়। বাকি টাকা প্লান্ট স্থাপনকারীকে দিতে হয় বলে জানান তিনি। গ্যাস উৎপাদনের পর যা অবশিষ্ট থাকে (বায়োগ্যাস রেসিডিউ বা স্লারি) তা উন্নতমানের জৈব সার। এই সার জমিতে ব্যবহার করলে ফলন বেশি হয়, পুকুরে ব্যবহার করলে মাছের বৃদ্ধিও বেশি হয় বলে জানান প্রোগ্রাম ম্যানেজার নাজমুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএইচ/এমআই/২১০৫ ঘ.