২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ বছরের বাংলাদেশএকাত্তরের ‘আন্তেগোনে’

স্বামীকে হত্যা করেছে পাকিস্তানি সৈন্যরা, বাসার কাছে রাস্তায় লাশ পড়ে আছে, সাহস করে আনবে, এমন কেউ নেই। সেই সময়ে অসমসাহসে ভর করে পাক সেনাদের সামনে থেকে লাশ নিয়ে আসেন তিনি। লাশ ফেরত চেয়েছিলো পাকিস্তানি সেনারা, দেননি। ঘরেই কবর দেন স্বামীকে। একাত্তরের সাহসী এই নারী মনি ইমামের কথা শোনাচ্ছেন মিন্টু চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 04:51 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ যেন সেই গ্রিক নাটক, চট্টগ্রাম যেন সেই থিবস নগরী, আর মনি ইমাম হলেন সফোক্লসের সেই আন্তেগোনে। সফোক্লিসের নাটকে আন্তেগোনে শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে সমাধিস্থ করেছিলেন ভাই পলিনিসেসকে। আর একাত্তরে চট্টগ্রামে মনিকে করতে হয়েছিলো স্বামীর সমাধি রচনা, আন্তেগোনে করেছিলেন গোপনে, আর বাংলার মনি ইমামকে স্বামীর লাশ আনতে হয়েছিলো পাকিস্তানি হানাদার বাহিনীর সামনে থেকে। ১৯৭১ সালে যুদ্ধের শুরুতেই এই দুঃসাহস দেখিয়েছিলেন মনি ইমাম, যার আসল নাম জেবুন্নেসা মুঈনা। তবে ব্যাংক কর্মকর্তা কাজী আলী ইমামের স্ত্রী এ নামেই পরিচিত ছিলেন বিয়ের পর থেকেই। একাত্তরের ৩০ মার্চ চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড়ে হাইলেভেল রোডের মুখেই পাকবাহিনী পেছন থেকে গুলি চালানোর পর বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে ব্যাংক কর্মকর্তা আলী ইমামকে। একইসঙ্গে মারা যান তার ভায়রা চট্টগ্রামের তৎকালীন সিভিল সার্জন ডা. গোলাম মোস্তফাও। ৭২ বয়সি মনি ইমামের অনেক স্মৃতি ঝাপসা হয়ে গেলেও ৩০ মার্চের কথা ভুলতে পারেননি তিনি। ২৫ মার্চ রাতে পাক হানাদার বাহিনী বাঙালি নিধন শুরুর পর ২৭ মার্চ রাত থেকে পুলিশ লাইন সংলগ্ন মনি ইমামদের বাসা এবং এর আশেপাশের এলাকার বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নিরাপদ আশ্রয় ভেবে ছোটবোন রোশেনা বেগম ও অন্য অন্য দুই বোনের পরিবার এসে ওঠেছিলেন আলী ইমামের বাসায়। ঘরে জমানো পানি ফুরিয়ে যাওয়ায় বেরিয়েছিলেন আলী ইমাম এবং গোলাম মোস্তফা। কিন্তু পানি আর আনতে পারেননি তারা। মনি ইমাম বলেন, “স্পষ্ট মনে আছে, সেদিন ছিলো মঙ্গলবার। সকাল ১০টার দিকে তারা দুজন ঘর থেকে বের হন। এর ১৫ থেকে ২০ মিনিটের মাথায় গুলির শব্দ। আশেপাশের লোকজন এসে জানায়, দুজনকে মেরে ফেলা হয়েছে।” তিনি জানান, তাদের বাসার কাছেই অবাঙালিদের পাড়া শামসি কলোনির আবু আহমেদ নামে এক ব্যক্তি পাকবাহিনীকে দেখিয়ে দিয়েছিলেন আলী ইমাম ও গোলাম মোস্তফাকে। গুলির শব্দের পর কোনো বাসা থেকে আর কেউ বের হচ্ছিলো না। এক পর্যায়ে মনি ইমাম সিদ্ধান্ত নেন, তিনি নিজেই বের হবেন। “কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পর আমি ছোটবোনদের নিয়ে রাস্তায় নামি। টেনে হিঁচড়ে দুটি মরদেহ বাড়িতে নিয়ে আসি। পাকবাহিনী এসে লাশ ফেরত চাইলেও দিইনি,” বলেন মনি। আলী ইমাম ও গোলাম মোস্তফার লাশ এক দিন ঘরেই ছিলো। পরদিন গোসল শেষে দুজনকেই বাড়ির ভেতরেই দাফন করা হয়। “দুই ছেলেকে পিতার øেহের বাঁধন থেকে ছাড়িয়ে কবরে শুইয়ে দিয়েছিলাম, কী যে কষ্টের বলে বোঝানো যাবে না,” বলতে গিয়ে এখনো বুক ভার হয়ে ওঠে মনি ইমামের। পাকবাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে স্বামীকে দাফন করার পর মুক্তিযুদ্ধের নয় মাস সেই বাড়িতেই চলে শহীদজায়া মনি ইমামের সংগ্রাম। এখনো থাকেন হাই লেভেলের সেই বাসায়। একাত্তরে মনি ইমামের বড় ছেলে কাজী মুনীরুল ইমাম কাঁকর পড়তেন চট্টগ্রাম কলেজে প্রথম বর্ষে, আর ছোট ছেলে পারভেজ ইমাম শিখর পড়তেন অষ্টম শ্রেণীতে। স্বামী হারানোর পর সন্তান হারানোর ঝুঁকি নিতে চাননি মনি ইমাম। পাকবাহিনীর হাত থেকে রক্ষার জন্য দুই ছেলেকেই পাঠিয়ে আত্মীয়ের বাড়িতে। সেখান থেকে দুই ভাই ভারতে চলে যান। মনি ইমাম থেকে যান চট্টগ্রামেই, সঙ্গে ছোটবোন স্বামী হারানো রোশেনা। মুক্তিযুদ্ধের নয় মাস এক ধরনের মানসিক নিপীড়নের মধ্যেই কেটেছে মনি ইমামের। “দুই ছেলে দেশ ছেড়ে গেলেও পাকবাহিনী তাদের খোঁজে নিয়মিতই আসতো আমাদের বাড়িতে। সাহস করে তাদের সঙ্গে কথা বলতাম, তর্কও করতাম,” বলেন তিনি। মনি ইমাম বলেন, “একাত্তরে কখনো সাহস হারাইনি। সাহস হারালে হয়তো নিজেদের হারিয়ে ফেলতাম সে সময়।” ১৬ ডিসেম্বর বিজয়ের আগ পর্যন্ত মৃত্যুর ভয় নিয়েই দিন কেটেছে মনি ও রোশেনার। স্বাধীনতার পর দুই সন্তান ফিরে এলে শুরু হয় মনি ইমামের টিকে থাকার লড়াই। কিছু দিন ভাসুরের পরিবারের সঙ্গে থাকলেও পরে ওয়াসার মোড়ের বাংলাদেশ মহিলা সমিতি স্কুলে শিক্ষকতা শুরু করেন। আলী ইমাম ছিলেন স্টেট ব্যাংক অব পাকিস্তানের অ্যাকাউন্টস অফিসার। সরকারি কর্মকর্তা হলেও তিনি গোপনে স্বাধিকারের সংগ্রামে অংশ নিতেন। কাজ করতেন বিভিন্ন সাস্কৃতিক সংগঠনের সঙ্গে। তখনকার চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও নাট্যব্যক্তিত্ব মমতাজ উদ্দিন আহমেদের সঙ্গেও তার ভালো সম্পর্ক ছিলো বলে জানান মনি ইমাম। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষের সাংস্কৃতিক কর্মকাণ্ড বিশেষ করে সে সময় নাটকে পেছন থেকে কাজ করতেন আমার স্বামী। তখনকার বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা এবং কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। ‘কৃষ্টিকেন্দ্র’ এ রকমই একটি সংগঠন।” “এ সব এলাকার অবাঙালিরা জানত। সে কারণেই আবু আহমেদ নামে অবাঙালি ব্যক্তি তাদের (আলী ইমাম ও গোলাম মোস্তফাকে) দেখিয়ে দেয়,” বলেন তিনি। ছোট ছেলে পারভেজ ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুদ্ধজয়ের পর এলাকায় ফিরে সেই অবাঙালি আবু আহমেদকে বিভিন্ন জেলায় গিয়ে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি।” জেবুন্নেসা মুঈনার জন্ম ভারতে, দেশ ভাগের পর তার পরিবার থিতু হয় বরিশালে। ১৯৫২ সালে বিয়ের পর স্বামীর সাহচর্যে নিজেও নাটকে যুক্ত হন মুঈনা, সবাই তাকে চিনতো মনি ইমাম নামে। বলা হয়, চট্টগ্রামের প্রথম নারী নাট্যকর্মী মনি ইমাম। মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত নানা প্রতিকূলতার মধ্যেও নাট্যচর্চা করে গেছেন মনি। কিন্তু একাত্তরে স্বামী হারানোর পর মঞ্চে আর ওঠেননি। তবে যুদ্ধের কয়েক বছর পর থেকে বাংলাদেশ বেতারে যুক্ত ছিলেন। বিজয়ের ৪০ বছরে অনুভূতি জানতে চাইলে মনি ইমাম বলেন, “বেঁচে থাকতেই যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পারলে ভালো লাগবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২২৪৫ ঘ.