লক্ষ্মীপুর, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর সদর উপজেলায় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন স্থানীয় এক যুবদল নেতা। এ সময় আহত হয়েছেন আরো দুই জন।
সদর থানার ওসি ছরোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলায় হাজিরপাড়া ইউনিয়নের হাজিরপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন (৩৫) হাজিরপাড়া ইউনিয়ন যুবদল সভাপতি। আহত দুই ছাত্রদল নেতার নাম ইসমাইল ও তুহিন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, হাজিরপাড়া ইউনিয়নের হামিদিয়া স্কুল মাঠের শহীদ মিনারে ফুল দিয়ে রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফিরছিলেন মনির। এ সময় যুবদল ও যুবলীগ কর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়।
“সংঘর্ষের সময় পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় মনির, ইসমাইল ও তুহিনকে। তাদেরকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করার পর রাত আড়াইটার দিকে মনির মারা যান।”
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের দায়ী করে শুক্রবার বিকেলে প্রতিবাদ সভা ডেকেছে জেলা বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৩২৩ ঘ.
bdnews24