২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ বছর পর সেই নির্যাতন কেন্দ্রে মাহবুবুর

‘এখানে ঘরের ছাদের সঙ্গে ঝুলিয়ে বেধড়ক পেটানো হতো, বুকে আঘাত করা হতো বুট দিয়ে। আর বাথরুমে আটকে চলত নির্যাতন।’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 04:22 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘এখানে ঘরের ছাদের সঙ্গে ঝুলিয়ে বেধড়ক পেটানো হতো, বুকে আঘাত করা হতো বুট দিয়ে। আর বাথরুমে আটকে চলত নির্যাতন।’ চট্টগ্রাম নগরীর টাইগার পাসে নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্রে (তৎকালীন পাকিস্তান নৌবাহিনীর ট্রানজিট ক্যাম্প) ১৯৭১ সালে পাকিস্তানী বাহিনীর নির্যাতনের বর্ণনা বৃহস্পতিবার সন্ধ্যায় এভাবেই দেন মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী। তিনি বলেন, “গত ১০ বছর চেষ্টা করেও এ নির্যাতন কেন্দ্রের ইতিহাস জাতির কাছে তুলে ধরতে পারিনি। আজ (বৃহস্পতিবার) অনুমতি পেয়ে সহযোদ্ধাদের নিয়ে এলাম। আমরা চাই জাতি পাকবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের নির্যাতনের ইতিহাস জানুক।” ৪০ বছর পর নির্যাতন কেন্দ্রটিতে এসেছিলেন ৮ সহযোদ্ধা- মাহবুবুর রহমান চৌধুরী, মাহতাবুল হক, ডা. মাহফুজুর রহমান, অমল মিত্র, বজল আহমদ, আবু সৈয়দ, আনোয়ারুল ইসলাম ও মোহাম্মদ রফিক। এদের মধ্যে প্রথম দু’জনকে ১৯৭১ সালের নভেম্বর ও ডিসেম্বরে এ নির্যাতন কেন্দ্রে আটকে রেখে পাশবিক নির্যাতন চালায় পাকিস্তান নৌবাহিনী। এখন নির্যাতন কেন্দ্রের কক্ষ দুটিতে বাংলাদেশের নৌবাহিনীর ভর্তির দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয়। নৌবাহিনীর অনুমতি সাপেক্ষে সহযোদ্ধাদের সঙ্গে নির্যাতন আর যুদ্ধের স্মৃতি খুঁজতে খুলনা থেকে এসেছিলেন মাহতাবুল হক। যুদ্ধকালীন গেরিলা দলের এ সদস্য সাংবাদিকদের বলেন, “একাত্তরের ২ ডিসেম্বর নগরীর রিয়াজউদ্দিন বাজারের সামনে থেকে পাকিস্তান নৌবাহিনী আমাকে ধরে নিয়ে আসে। এখানে এক সপ্তাহ বন্দি রেখে চলে বর্বর নির্যাতন। তারা অন্য মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল ও অস্ত্র ভাণ্ডার সম্পর্কে জানতে চাইত।” “২৪ নভেম্বর আগ্রাবাদে একটি অপারেশনের পর ২৫ নভেম্বর পাহাড়তলীর জোড় ঢেবা এলাকার গোপন আশ্রয় থেকে আমাকে ধরে আনে পাকিস্তান নৌবাহিনী।” ভারতের আসাম রাজ্যের হাফলং থেকে প্রশিক্ষণ নিয়ে ফেরার পর চট্টগ্রাম শহরের কিছু তরুণকে প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি। এদের মধ্যে বোরহান নামে একজন তার আশ্রয় সম্পর্কে তথ্য দেয় হানাদার বাহিনীকে। ১৯৭১ সালের ২৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এ নির্যাতন কেন্দ্রে বন্দি থাকা মুক্তিযোদ্ধা মাহবুবুর বলেন, “আমাকে সিলিংয়ের সঙ্গে বেঁধে ঝুলিয়ে রেখে পেটানো হতো। বাথরুমে আটকে চলত শারীরিক নির্যাতন। বুট দিয়ে বুকের ওপর আঘাত করত নরপশুরা। “যে সেলে আমাকে আটকে রাখা হতো সেখানে মেঝেতে রক্ত দিয়ে জয় বাংলা লিখেছিলাম। যেদিন আমাকে সার্কিট হাউজে নিয়ে যাওয়া হচ্ছিল সেদিন শরীর থেকে পচনের গন্ধ উঠছিল।” পরবর্তীতে এখান থেকে মাহবুবুর রহমান ও মাহতাবুল হককে চট্টগ্রাম সার্কিট হাউজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রাম সেন্ট্রাল জেলে। মুক্তিযোদ্ধা কমাণ্ডার ও মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফজুর রহমান বলেন, নগরীতে এরকম প্রায় অর্ধশত নির্যাতন কেন্দ্র আছে। এগুলো সংরক্ষিত না হওয়ায় নবীন প্রজন্ম এ বিষয়ে কিছুই জানে না। মুক্তিযোদ্ধারা নগরীর ও জেলার বিভিন্ন এলাকায় মুক্তিযুদ্ধে এ ধরণের নির্যাতনকেন্দ্র সংরক্ষণের দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২২২১ ঘ.