২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

দেশের ৬১টি জেলা পরিষদে ৬১ জনকে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগ পাওয়া সবাই আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ৬১টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এদের সবাই আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার প্রশাসকদের নামগুলো অনুমোদনের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়োগের এ প্রজ্ঞাপন জারি করে। সচিব আবু আলম মো. শহিদ খান বিকালেই প্রশাসক নিয়োগে প্রধানমন্ত্রীর অনুমোদনের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন। সন্ধ্যার পর জারি হয় প্রজ্ঞাপন। জেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচিত প্রতিনিধি না আসা পর্যন্ত সরকার মনোনীত প্রশাসকরাই দায়িত্ব পালন করবেন। পার্বত্য তিনটি জেলায় চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন বলে সেখানে প্রশাসক নিয়োগের প্রয়োজন হয়নি। আইন অনুযায়ী, জেলা পরিষদ চেয়ারম্যান উপমন্ত্রীর পদমর্যাদা পান। তবে এই প্রশাসকদের মর্যাদা পরে সরকার ঠিক করে দেবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) অশোক মাধব রায়। স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে জেলা পরিষদ গঠনের প্রক্রিয়া চলছে বলে গত ২৩ মার্চ সংসদে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর নয় মাসের মাথায় প্রশাসক নিয়োগ হলো। প্রধানমন্ত্রী বলেছিলেন, নির্বাচিত জেলা পরিষদে এক জন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও সংরক্ষিত আসনের ৫ জন মহিলা সদস্য থাকবে। জেলা পরিষদ আইন সংশোধনের খসড়া এখনো চূড়ান্ত হয়নি। এটি চূড়ান্ত করার পর সংসদে বিল উঠবে। বিল পাস হওয়ার পর নির্বাচন প্রক্রিয়া শুরু হবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। ১৯৮৮ সালে এইচ এম এরশাদের সরকার প্রণীত স্থানীয় সরকার (জেলা পরিষদ) আইনে জেলা পরিষদের চেয়ারম্যানকে সরকার কর্তৃক নিয়োগ দেওয়ার বিধান ছিলো। তবে পরে আইনটি অকার্যকর হয়ে পড়ে। ২০০০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার নির্বাচিত জেলা পরিষদ গঠনের জন্য নতুন আইন করে। তবে তা বাস্তবায়নের সুযোগ পায়নি ওই সরকার। এরপর বিএনপি-জামায়াত জোট সরকার আইনটি অবিকল রেখে বা সংশোধন করে জেলা পরিষদ গঠনের কোনো উদ্যোগ নেয়নি। জেলা পরিষদের মনোনীত প্রশাসকরা রংপুর বিভাগের জেলাগুলোতে জেলা প্রশাসক হিসেবে যারা নিয়োগ পেলেন, তারা হলেন- পঞ্চগড়ে মো. আবু বকর সিদ্দিক, ঠাকুরগাঁওয়ে সাদেক কোরাইশী, দিনাজপুরে আজিজুল ইসলাম চৌধুরী, নীলফামারীতে মমতাজুল ইসলাম, লালমনিরহাটে অ্যাডভোকেট মতিয়ার রহমান, রংপুরে অ্যাডভোকেট রোজিনা রাজ্জাক, কুড়িগ্রামে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমসাআ আমিন, গাইবান্ধায় অ্যাডভোকেট সৈয়দ শামসুল হক হিরু। রাজশাহী বিভাগের জেলাগুলোতে নিয়োগ পাওয়া প্রশাসকরা হলেন- জয়পুরহাটে এস এম সোলায়মান আলী, বগুড়ায় ডা. মকবুল হোসেন, চাঁপাইনবাবগঞ্জে মো. মইনউদ্দিন মণ্ডল, নওগাঁয় অ্যাডভোকেট ফজলে রাব্বি, রাজশাহীতে মাহবুব জামাল ভুলু, নাটোরে অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সিরাজগঞ্জে আব্দুল মজিদ মণ্ডল ও পাবনায় মো. সাইদুল হক চুন্নু। খুলনা বিভাগের জেলাগুলোতে নিয়োগ পাওয়া প্রশাসকরা হলেন- মেহেরপুরে অ্যাডভোকেট মিয়াজান আলী, কুষ্টিয়ায় জাহিদ হোসেন জাফর, চুয়াডাঙ্গায় অবসরপ্রাপ্ত মেজর আলিমুজ্জামান জোয়ার্দার, ঝিনাইদহে ওয়াহেদ জোয়ার্দার, যশোরে শাহ হাদিউজ্জামান, মাগুরায় অ্যাডভোকেট সৈয়দ শফিকুল ইসলাম, নড়াইলে অ্যাডভোকেট সুভাস চন্দ্র বোস, বাগেরহাটে শেখ কামরুজ্জামান টুকু, খুলনায় শেখ হারুন অর রশিদ ও সাতক্ষীরায় মনসুর আহমেদ। বরিশাল বিভাগের জেলাগুলোতে নিয়োগ পাওয়া প্রশাসকরা হলেন- বরগুনায় মো. জাহাঙ্গীর কবির, পটুয়াখালীতে খান মোশাররফ হোসেন, ভোলায় আব্দুল মমিন টুলু, বরিশালে ডা. মোখলেসুর রহমান, ঝালকাঠিতে সরকার মোহাম্মদ শাহ আলম ও পিরোজপুরে অ্যাডভোকেট মো. আকরাম হোসেন। ঢাকা বিভাগের জেলাগুলোতে নিয়োগ পাওয়া প্রশাসকরা হলেন- ঢাকায় হাসিনা দৌলা, গাজীপুরে মো. আখতারুজ্জামান, নারায়ণগঞ্জে আব্দুল হাই, টাঙ্গাইলে ফজলুর রহমান ফারুক, জামালপুরে অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, শেরপুরে অ্যাডভোকেট হালিম, ময়মনসিংহে অ্যাডভোকেট জহিরুল হক, নেত্রকোনায় মতিউর রহমান, কিশোরগঞ্জে অ্যাডভোকেট জিল্লুর রহমান, মানিকগঞ্জে অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, মুন্সীগঞ্জে মহিউদ্দিন আহমেদ, নরসিংদীতে অ্যাডভোকেট আসাদুজ্জামান, রাজবাড়ীতে আকবর আলী মির্জা, ফরিদপুরে কাজী জায়নুল আবেদীন, গোপালগঞ্জে কাজী রশিদ, মাদারীপুরে মেরাজউদ্দিন খান ও শরীয়তপুরে মজিবুর রহমান মাস্টার। সিলেট বিভাগের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন- সুনামগঞ্জে ব্যারিস্টার এনামুল কবীর ঈমন, সিলেটে আবু সুফিয়ান, মৌলভীবাজারে আজিজুর রহমান ও হবিগঞ্জে ডা. মুশফিক হোসেন চৌধুরী। চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন- ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারী, কুমিল্লায় মো. ওমর ফারুক, চাঁদপুরে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী, নোয়াখালীতে ডা. এ বি এম জাফরউল্লাহ, লক্ষ্মীপুরে শাহজাহান কামাল, চট্টগ্রামে আব্দুস সালাম এবং কক্সবাজারের মোশতাক আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচএ/এমআই/২১০৯ ঘ.