গাজীপুর, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে ছিনতাইকারীদের গুলিতে এক কলেজছাত্র আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে টঙ্গী কলেজ গেইট এলাকায় ওই ঘটনায় আহত ছাত্রের নাম মোবারক হোসেন। তিনি ঢাকার উত্তরার টাউন ডিগ্রি কলেজের øাতক সম্মান তৃতীয় বর্ষের ছাত্র।
মোবারককে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোবারকের বড়ভাই তানাশ পোশাক কারখানার সহকারী মহাব্যবস্থাপক (স্টোর) মিজানুর রহমান সাংবাদিকদের জানান, লেখাপড়ার খরচের জন্য ছোট ভাইকে ৩৫ হাজার টাকার একটি চেক দিয়েছিলেন তিনি। টাকা নিয়ে ফেরার পথে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মোবারক ছিনতাইকারীদের গুলিতে আহত হন।
টঙ্গী থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, টাকা তুলে বাসে ফিরে টঙ্গী কলেজ গেইটে নামলে দুটি মটর সাইকেলে ছয় জন সশস্ত্র যুবক মোবারককে ঘিরে ফেলে এবং টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীদের ছোড়া গুলিতে আহত হন মোবারক।
গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে গেলে ছিনতাইকারীরা টাকা না নিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা মান্নান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৭৪৬ ঘ.
bdnews24