গাজীপুর, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের দক্ষিণ সালনা থেকে যশোরের এক বিএনপি নেতার গলায় গামছা প্যাঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে অপহরণের অভিযোগে একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল ঢাকায়।
নিহত নাজমুল ইসলাম (৪৫) যশোরের ঝিকরগাছা থানা বিএনপি সভাপতি এবং যশোর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন। বুধবার রাতে ঢাকায় এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠান শেষে ধানমন্ডিতে নিজের বাসায় ফেরার সময় নিখোঁজ হন তিনি।
তাকে অপহরণ করা হয়েছে- এমন অভিযোগে বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন যশোরের আরেক বিএনপি নেতা।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “চোখে মলম দিয়ে ও শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। লাশের গলায় গামছা প্যাঁচানো ছিল।”
বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নাজমুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লাশের পাশে পড়ে থাকা মোবাইল ফোন থেকে নাজমুলের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়।
খবর পেয়ে নাজমুলের চাচাতো ভাই কল্লোল গাজীপুরে গিয়ে লাশ সনাক্ত করেন। তিনি সাংবাদিকদের বলেন, যশোরে রাজনীতি করলেও ব্যবসা সূত্রে পরিবার নিয়ে ঢাকায় থাকতেন নাজমুল।
“গত রাতে (বুধবার) মিরপুরে আমার শ্যালিকার বিয়ের অনুষ্ঠানে এসেছিল নাজমুল। বউ ছেলেদের আগেই বাসায় পাঠিয়ে দিয়ে রাত সাড়ে ১১টার দিকে নিজেই গাড়ি চালিয়ে ধানমন্ডির বাসার দিকে রওনা হয় সে। কিন্তু সে আর বাসায় পৌঁছায়নি।”
কল্লোল জানান, সর্বশেষ রাত পৌনে ১২টার দিকে যশোরের আরেক বিএনপি নেতা ইঞ্জিনিয়ার টি এএইচ আইয়ুবের সঙ্গে টেলিফোনে কথা হয় নাজমুলের। তিনি জানান, তাকে অপহরণ করা হচ্ছে।
এ ঘটনায় রাতেই মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন আইয়ুব। কাজের সূত্রে তিনিও ঢাকায় থাকেন বলে কল্লোল জানান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “নাজমুলকে অন্য কোথাও হত্যা করার পর দুর্বৃত্তরা রাতে কোনো এক সময় লাশ ফেলে গেছে বলে ধারণা করছি আমরা। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
নাজমুলের স্ত্রীর বড় ভাই মেহেদী হাসান জানান, তিন ছেলেকে নিয়ে ধানমন্ডির একটি বাসায় থাকতেন নাজমুল। মূলত কৃষিপণ্য আমদানি-রপ্তানির ব্যবসায় জড়িত ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২০৭ ঘ.
bdnews24