সাতক্ষীরা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সদর হাসপাতালের পাশের পুকুরে ডুবে মারা গেলেন মুক্তিযোদ্ধা আফসার আলি।
বুধবার দুপুরে মৃত্যু হওয়া মুক্তিযোদ্ধা আফসার আলি (৬৬) সদর উপজেলার মাহমুদপুর গ্রামের রুপচাঁদ মল্লিকের ছেলে।
হৃদরোগের চিকিৎসা নিতে তিনি হাসপাতালে এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে।
চিকিৎসকরা জানান, গোসল করতে নামার পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে সদর থানার ওসি (তদন্ত) রতন শেখ জানান, বুকে ব্যাথা নিয়ে গত ১৩ ডিসেম্বর আফসার আলি হাসপাতালে ভর্তি হন।
দুপুরে হাসপাতালের পাশের পুকুরে তিনি গোসল করতে নেমে আর ওঠেননি। পরে তার লাশ ভেসে উঠলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।
“আগামীকাল (বৃহস্পতিবার) রাষ্ট্রীয় মর্যাদায় মাহমুদপুর গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে,” বলেন পুলিশ কর্মকর্তা।
সদর হাসপাতালের ডা. হাফিজুল্লাহ জানান, আফসার আলী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। হাসপাতালের সিসিইউতে জায়গা না থাকায় তাকে ২ নম্বর ওয়ার্ডের ১৬ নম্বর বেডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
ধারণা করা হচ্ছে, সবার অলক্ষ্যে তিনি পুকুরে যান। পানিতে নেমে হৃদরোগে আক্রান্ত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24