২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপমাত্রা কমতে শুরু করেছে

সারাদেশে গত তিন দিন ধরে ঠাণ্ডা বায়ুপ্রবাহের প্রভাবে তাপমাত্রা কমতে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 05:04 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে গত তিন দিন ধরে ঠাণ্ডা বায়ুপ্রবাহের প্রভাবে তাপমাত্রা কমতে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঋতুচক্রের হিসেবে এবার শীতও আসছে যেন পঞ্জিকার হিসেব মতো। পৌষের প্রথম দিন (বৃহস্পতিবার ১ পৌষ) আসার দুয়েকদিন আগে থেকেই দেশের মানুষকে তার অস্তিত্ব জানান দিচ্ছে শীত। আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত কর্মকর্তা আবুল কালাম মল্লিক বুধবার জানান, শীতের শুরুতেই মৃদু শৈত্যপ্রবাহ থাকছে যা মাঝারি থেকে মৃদু রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়ার বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর-পশ্চিমাঞ্চলে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আবহাওয়াবিদরা বলছেন, উত্তর-পশ্চিম মৌসুমী বায়ুর বার্তা পৌষে এলেও মাঘের দিনে শীতের অনুভূতিও শুরু হয় বেশ। আবুল কালাম বলেন, “উত্তরাঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। চলতি মাসের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে কোথাও। তবে জানুয়ারির শুরুতে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।” বুধবার দেশের সর্বনিু তাপমাত্রা শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় কক্সবাজারে যা ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, বুধবার ঢাকায় সর্বনিু ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১২ দশমিক ২ ডিগ্রি, খুলনায় ১৫ দশমিক ২ ডিগ্রি, সিলেটে ১৪ দশমিক ৩ ডিগ্রি, বরিশালে ১৪ ডিগ্রি ও চট্টগ্রামে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে। মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চলে এক-দুইটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ডিসেম্বর মাসে শেষ রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২৩০১ ঘ.