মুন্সীগঞ্জ, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে মঙ্গলবার দুপুরে উদ্ধার করা তিনজনের পরিচয় পাওয়া গেছে।
এরা হলেন ব্রাক্ষ্মণবাড়িয়ার আক্তার মিয়া (৩০), ফরিদপুরের মঞ্জু মুন্সী (৪২) ও বরিশালের মামুন মিয়া (৩০)।
মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, দুই নিহতের স্বজনরা বুধবার রাত ৯টায় লাশগুলো শনাক্ত করে।
তিনি বলেন, আক্তার মিয়ার স্ত্রী রীপা আক্তার ও মঞ্জু মুন্সীর স্ত্রী রানী বেগম দু’টি লাশ শনাক্ত করেন।
মঞ্জু মুন্সী ফরিদপুরের সালথা উপজেলার বড়লক্ষণদিয়া গ্রামের রশীদ মুন্সীর এবং আক্তার মিয়া ব্রাক্ষ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুলটা গ্রামের আব্দুল মালেকের ছেলে।
অপর লাশটি শনাক্ত করেন নিহত মঞ্জুর ছোট ভাই সাগর।
সাগর সাংবাদিকদের জানান, তার ভাই মঞ্জু, আরেক ভাই ইউনুস, মামাত ভাই সেকেন মাতব্বর (২৫), মামুন ও আক্তার একসঙ্গে ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন।
গত ৭ ডিসেম্বর তারা কুমিল্লার দাউদকান্দির টোল প্লাজা এলাকায় কাঁচামাল আনতে যান। এরপর থেকে এ তিনজন নিখোঁজ ছিলেন।
তবে তিনি মামুন মিয়ার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি।
মঙ্গলবার মুন্সীগঞ্জ সদরের পৌরসভার নয়াগাঁ, লঞ্চঘাট ও মোল্লার চর এলাকায় ধলেশ্বরী নদীতে এ তিনটি লাশ ভেসে ওঠে।
লাশ উদ্ধারের পর মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, লঞ্চ ঘাটের পাশে অল্প সময়ের ব্যবধানে লাশ তিনটি ভেসে ওঠে।
“কেউ তাদের হত্যার পর হাত-পা দড়ি দিয়ে এবং পেটের ওপর সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেয় বলে মনে হচ্ছে।”
নিহত তিন জনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এগুলো গুলির দাগ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
কয়েকদিন আগে ধলেশ্বরী নদী থেকে আরো তিনটি লাশ উদ্ধার করা হয়েছিলো, যার একটি ছিলো ঢাকার ৫০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেনের।
ছাত্রদলের অভিযোগ, ইসমাইলসহ সংগঠনের তিন নেতা-কর্মীকে গত ২৮ নভেম্বর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাতিরপুল থেকে তুলে নিয়ে যায়। অন্য দুজনের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।
স¤প্রতি দেশে আইন-শৃঙ্খলা বাহিনী বিশেষ করে র্যাবের পরিচয়ে ধরে নেওয়ার কয়েকটি ঘটনা ঘটেছে, যাদের লাশ পরে পাওয়া গেছে।
এ ধরনের হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় বিভিন্ন মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করে আসছে। এ রহস্য ভেদ করতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান সরকারের প্রতি তাগিদ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪১ ঘ.
bdnews24